আগামী সপ্তাহে অভিযোগপত্র
জুরাইনের আলমবাগের মা ফারজানা রিতা ও দুই শিশু সন্তানের ‘প্ররোচিত আত্মহত্যা’ মামলার তদন্ত শেষ হয়েছে। আগামী সপ্তাহে এ মামলার অভিযোগপত্র দেওয়া হতে পারে বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, এতে রিতার স্বামী রাশেদুল কবির, শ্বশুর শফিকুল কবির, শাশুড়ি, দুই ননদসহ নয়জনকে আসামি করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, তাঁরা ইতিমধ্যে মামলার তদন্ত শেষ করে ফেলেছেন। তদন্তে এ ঘটনাটি ‘প্ররোচিত আত্মহত্যা’ বলে যাবতীয় তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এতে এজাহারভুক্ত আটজনসহ নয়জনকে আসামি করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার গোলাম আজাদ খান বলেন, গ্রেপ্তারকৃতদের জেরা করে ও অন্যান্য প্রমাণ থেকে এটি যে প্ররোচিত আত্মহত্যা, সে সম্পর্কে পুলিশ এখন নিশ্চিত। এতে অভিযোগপত্র দেওয়ার মতো সব তথ্য-প্রমাণ পুলিশের হাতে এসেছে। এখন আসামিদের গ্রামের বাড়ির ঠিকানা যাচাই করা হচ্ছে। পুলিশ জানায়, এ ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে গৃহবধূ ফারজানা রিতার গাড়িচালক আল-আমিন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্যতম আসামি শফিকুল কবির ও তাঁর পরিবারের সবাইকে দুই দফা রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শফিকুল কবিরের স্ত্রী নুর বানু জামিনে মুক্তি পেয়েছেন। রিতার দুলা ভাই কাজী মোহাম্মদ আরিফ অভিযোগ করেন, মামলার আসামি স্মৃতির পরিবারের লোকজন তাঁদের হুমকি দিচ্ছেন। গত ১১ জুন জুরাইনের আলমবাগের বাসা থেকে ফারজানা, তাঁর ছেলে ইশরাক পাবন (১৩) ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে রিতা তাঁদের আত্মহত্যা ও পারিবারিক বিরোধের বিভিন্ন অভিযোগের কথা ঘরের দেয়াল ও কাগজে লিখে রাখেন। এ ঘটনায় রিতার মা মাজেদা বেগম বাদী হয়ে রাজধানীর কদমতলী থানায় একটি মামলা দায়ের করেন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলাটি তদন্ত করছে। এ মামলায় রাশেদুল কবির, তাঁর দ্বিতীয় স্ত্রী রাজিয়া সুলতানা স্মৃতি, রাশেদুলের বাবা শফিকুল কবির, মা নুর বানু, বোন সুখন কবির ও কবিতা কবির, কবিতার স্বামী দেলোয়ার হোসেন ও গাড়িচালক আল-আমিনকে আসামি করেন। গোয়েন্দা পুলিশ এ ঘটনাটি তদন্ত শেষ ঘুমের ওষুধ-বিক্রেতা আবদুল গাফফারকেও আসামি করেন।