আগামী সপ্তাহে আবার বসবেন চিকিৎসকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল বাজনদার
আবুল বাজনদার

বিরল রোগ ‘ট্রিম্যান সিনড্রোমে’ আক্রান্ত আবুল বাজনদার মোটামুটি ভালো আছেন। তবে তাঁর ডান হাতে আরও এক বা একাধিকবার অস্ত্রোপচার করতে হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
অস্ত্রোপচারের মাধ্যমে গত শনিবার আবুল বাজনদারের ডান হাতের পাঁচটি আঙুল জটমুক্ত করেন চিকিৎসকেরা। তাঁরা বলেছেন, গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো তাঁর ডান হাতের ব্যান্ডেজ খোলা হয়। তাতে দেখা যায়, তিনি মোটামুটি ভালো আছেন। পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে চিকিৎসকেরা আবার বসবেন।
আবুল বাজনদার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা বলেছেন, তিন সপ্তাহ পর আবুলের বাঁ হাতে অস্ত্রোপচার করার একটা প্রাথমিক সিদ্ধান্ত ছিল। তবে গতকাল তাঁরা ধীরে এগোনোর ব্যাপারে একমত হয়েছেন। আবুলের হাতে এখন কবজির ওপর থেকে হাতের বাকি অংশে শিকড়ের মতো বৃদ্ধি নেই। তবে নখের মাথা থেকে ভেতর পর্যন্ত আঁচিল রয়ে গেছে। এই আঁচিলগুলো থেকেই আবুল বাজনদারের হাতে-পায়ে শিকড়ের মতো বৃদ্ধি শুরু হয়েছিল।
বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন প্রথম আলোকে বলেন, ‘আবুল এখন মোটামুটি ভালো আছেন। তাঁর হাতে ঘা বা সংক্রমণ নেই। আমরা আগামী সপ্তাহে আবার বসব। এরপর মেডিকেল বোর্ড ঠিক করবে আবার কবে তাঁর অস্ত্রোপচার করা যায়।’
আবুল বাজনদারের স্ত্রী হালিমা খাতুন গতকাল বলেন, তাঁর স্বামী ভালো আছেন। তাঁরা এখন অনেক আশাবাদী।
আবুল বাজনদার গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সরকার তাঁর চিকিৎসার সব খরচ বহনের সিদ্ধান্ত নিয়েছে।