আগামী সপ্তাহে আবার হরতাল!
ককটেল বিস্ফোরণ, যাত্রী-পরিবহনকর্মীসহ গাড়িতে আগুন আর যানবাহনে ভাঙচুর ও সহিংসতার মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের দেশব্যাপী টানা ৮৪ ঘণ্টার হরতাল গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় শেষ হয়েছে। আগামী সপ্তাহে আবারও হরতাল দিতে যাচ্ছে বিরোধীদলীয় এই জোট। তবে আগামী সপ্তাহের কোন কোন দিন হরতাল হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে দলীয় সূত্রগুলো।
তবে দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল রাতে দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক হয়।
বিরোধী দলের তৃতীয় দফার এই হরতালের শেষ দিনে গতকাল ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে হরতালকারীরা ১২টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ৩৮টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
নির্দলীয় সরকারের দাবি মানার জন্য ২৫ অক্টোবর পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেয় বিরোধী দল। ওই দিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা থেকে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ২৭, ২৮ ও ২৯ অক্টোবর টানা ৬০ ঘণ্টার হরতালের ঘোষণা দেন। এরপর এ পর্যন্ত তিন দফায় মোট ১০ দিন হরতাল পালন করে ১৮ দল। প্রতিটি হরতালের এক দিন আগে থেকেই শুরু হয়ে যায় যানবাহনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতা।
দেশের বিভিন্ন স্থান থেকে প্রথম আলোর প্রতিবেদকদের পাঠানো তথ্যগুলো যোগ করে দেখা যায়, ২৬ অক্টোবরের পর থেকে তিন দফার এসব হরতালে সহিংসতায় সারা দেশে মোট ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। এই সময়ে গাড়িতে দেওয়া আগুনে দগ্ধ হয়েছেন ৭৬ জন যাত্রী ও পরিবহনকর্মী। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ৪৯০টির বেশি যানবাহনে। রাজধানীসহ সারা দেশে সহস্রাধিক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। উদ্ধার করা হয়েছে আট শতাধিক ককটেল। এই সময়ে দেশব্যাপী অন্তত ৮৫৩ জনকে আটক করেছে পুলিশ।
বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত তাদের হরতাল কর্মসূচি চলতে থাকবে। সপ্তাহে একটি বা দুটি কার্যদিবস হরতালের আওতামুক্ত রাখা হবে। সর্বশেষ ৭ নভেম্বর স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, নির্দলীয় সরকারের দাবিতে তাঁদের আন্দোলন চলছে। আপাতত হরতাল চলবে। পরে অবরোধ বা অন্য ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।
গতকালের বৈঠক: পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে গতকাল রাতে খালেদা জিয়া তাঁর গুলশানের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, পরবর্তী কর্মসূচি ১৮-দলীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। তিনি বলেন, বিরোধী দলের নেতাদের নির্যাতন, গ্রেপ্তার ও পুলিশের আগ্রাসী ভূমিকা সংলাপের পথ বন্ধ করে দিয়েছে। সরকারের মন্ত্রীরা যা বলছেন তাতে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি, সরকারের মন্ত্রীরা পদত্যাগ নিয়ে জাতির সঙ্গে তামাশা করছেন। যখন জাতি উদ্বিগ্ন, তখন তারা হাতিরঝিলে আতশবাজির উৎসব করছে। এর মাধ্যমে জাতির সঙ্গে বিদ্রূপ করা হয়েছে।’
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, আ স ম হান্নান শাহ, মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
বাসভবনের বাইরে খালেদা: এর আগে টানা পাঁচ দিন পর নিজ বাসভবন থেকে বেরিয়ে গতকাল রাত আটটা ১০ মিনিটে গুলশানে দলীয় কার্যালয়ে যান খালেদা জিয়া। গত শুক্রবার হরতাল ঘোষণার পর বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় খালেদা জিয়ার বাসভবনের সামনে। পানি ও গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়। এর পর থেকে খালেদা জিয়া তাঁর বাসভবনেই ছিলেন।