আগামী সপ্তাহে ই-মোবাইল কোর্ট
চট্টগ্রামে আগামী সপ্তাহ থেকে ই-মোবাইল কোর্ট চালু করবে জেলা প্রশাসন। সরকারের উন্নয়ন, কল্যাণকর ও জনসেবামূলক কার্যক্রম বৃদ্ধির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। তিনি বলেন, সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে ই-মোবাইল কোর্ট চালু করা হবে। এতে দ্রুত কাজ সম্পাদন করা সম্ভব হবে।
এ ছাড়া ভূমি দপ্তরের রেকর্ড কক্ষ ডিজিটাল ও আধুনিকায়ন করা হবে বলে জেলা প্রশাসক জানান। তিনি বলেন, মানুষ দলিল তুলতে এসে অনেক হয়রানির শিকার হন। এ থেকে উত্তরণের জন্য রেকর্ড কক্ষ স্বয়ংক্রিয় করা হবে। চট্টগ্রাম জেলা এ বছর সেবার দিক থেকে এক নম্বর স্থানে রয়েছে বলে সভায় জানানো হয়।
মতবিনিময় সভায় উপপরিচালক (স্থানীয় সরকার) আবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল জলিল, প্রেসক্লাবের সভাপতি কলিম সরোয়ার, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, দৈনিক সুপ্রভাত বাংলাদেশ-এর নির্বাহী সম্পাদক রফিকুল বাহার প্রমুখ বক্তব্য দেন।