রোববার উঠতে পারে সংবিধান সংশোধন বিল

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল গতকাল বুধবার আইন মন্ত্রণালয় থেকে সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। বিলটি রোববার সংসদে উঠতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আইনমন্ত্রী যখন চাইবেন, তখনই বিল উত্থাপন করা হবে।’
তবে সংসদ সচিবালয় সূত্র জানায়, আইনমন্ত্রী আনিসুল হক ৭ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন। সে অনুযায়ী নোটিশ তৈরি করার কাজ চলছে।
সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, একজন বিচারক ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্য সংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশ ব্যতীত কোনো বিচারককে অপসারণ করা যাবে না। বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করবে। কোনো বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৭-এর বিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং তাদের পক্ষে এ ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। এর প্রতিফলনে ১৯৭২ সালে প্রণীত সংবিধানে রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত রাষ্ট্রপতিকে সংসদ কর্তৃক অভিশংসনের মাধ্যমে অপসারণ (অনুচ্ছেদ ৫২), সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে প্রধানমন্ত্রীর পদত্যাগ (অনুচ্ছেদ ৫৭), সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটে সমর্থিত প্রস্তাবের মাধ্যমে স্পিকারকে অপসারণ (অনুচ্ছেদ ৭৪) এবং সংসদের মোট সদস্য সংখ্যার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সমর্থিত প্রস্তাবের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণের বিধান (অনুচ্ছেদ ৯৬) ছিল।
আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারকে যথাক্রমে অভিশংসন, পদত্যাগ ও অপসারণ-সম্পর্কিত আগের বিধান অপরিবর্তিত থাকলেও সামরিক শাসক কর্তৃক অসাংবিধানিক পন্থায় সামরিক ফরমান (পঞ্চম সংশোধনী) দ্বারা সংবিধান সংশোধন করে সুপ্রিম কোর্টের কোনো বিচারকের অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগে অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত করা হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং অপর দুজন প্রবীণ বিচারকের সমন্বয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে, যা সংবিধানের ৯৭ অনুচ্ছেদের চেতনার পরিপন্থী। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদে রাষ্ট্রে অন্যান্য অঙ্গের ন্যায় উচ্চ আদালতের বিচারকদের জবাবদিহির নীতি বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে বিদ্যমান আছে।
বিলটি আইনে পরিণত হলে স্বাধীন বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধির কাছে বিচার বিভাগের জবাবদিহি থাকা-সংক্রান্ত সংবিধানের মৌলিক কাঠামো সমুন্নত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।
সংশোধনী প্রস্তাবে ১৯৭২ চেতনার কথা বলা হলেও বাস্তবে তা পুরোপুরি অনুসরণ করা হয়নি। বাহাত্তরের সংবিধানে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬২। সংশোধনীতে তা ৬৭ করা হয়েছে।
আরও বলা হয়েছে, বিচারকদের অভিশংসন পদ্ধতি আইনের দ্বারা নির্ধারিত হবে। কিন্তু বর্তমানে সেই আইন নেই। এই আইন প্রণয়নের জন্য কোনো বিলও সংসদে পাঠানো হয়নি। আইন না থাকলে বিচারকদের কোন পদ্ধতিতে অপসারণ করা হবে, সে বিষয়ে সংবিধানের সংশোধনীতে কিছু বলা হয়নি।