আগামী সপ্তাহে মতামত দেবে অর্থ মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটরদের লাইসেন্স নবায়নের জন্য কী পরিমাণ ফি কমানো হবে, সে বিষয়ে আগামী এক সপ্তাহর মধ্যে অর্থ মন্ত্রণালয় তাদের মতামত জানাবে।গতকাল রোববার বিকেলে এক আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এ তথ্য জানান। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য সরকার ফির ক্ষেত্রে কিছুটা ছাড় দেবে।অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে অর্থ; ডাক ও টেলিযোগাযোগ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় সচিবেরা উপস্থিত ছিলেন।জানা গেছে, গত মে মাসে টেলিযোগাযোগ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের কাছে মুঠোফোন অপারেটরদের লাইসেন্স নবায়নের নীতিমালা চূড়ান্ত করার আগে তরঙ্গ অ্যাসাইনমেন্ট ফি, রাজস্ব ভাগাভাগি ও সামাজিক দায়বদ্ধতা ফিসহ বেশ কিছু বিষয়ে আলাদা প্রস্তাব দেয়। এসব প্রস্তাবের সঙ্গে বিটিআরসির প্রস্তাবের মিল ছিল না। সূত্রমতে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে কবে নাগাদ দেশের তিনটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটরের লাইসেন্স নবায়ন করা সম্ভব হবে। খসড়া নীতিমালা অনুযায়ী লাইসেন্স নবায়নের আবেদন মে মাসেই নেওয়ার কথা ছিল। উল্লেখ্য, অপারেটরদের লাইসেন্স নবায়নের জন্য গত বছরের শেষের দিকে বিটিআরসি একটি খসড়া নীতিমালা তৈরি করে টেলিকম মন্ত্রণালয়ে জমা দেয়। এ নিয়ে অপারেটররা তাদের অসন্তোষের কথা জানায় মন্ত্রণালয়ে। সংশোধিত টেলিযোগাযোগ আইন অনুযায়ী মন্ত্রণালয়ই নীতিমালা চূড়ান্ত করবে।