আগামী সপ্তাহে সংবিধান পুনর্মুদ্রণের জন্য ছাপাখানায় যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সপ্তাহে সংবিধান পুনর্মুদ্রণের জন্য ছাপাখানায় দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এ কথা জানিয়ে বলেন, সংবিধান পুনর্মুদ্রণের ব্যাপারে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ ‘জোরেশোরে কাজ করছে’।গতকাল সচিবালয়ে তুরস্কের রাষ্ট্রদূত এম ভাকুর আর্কুলের সঙ্গে সাক্ষাতের পর সংবিধান পুনর্মুদ্রণের ব্যাপারে জানতে চাইলে আইনমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের—এ মন্তব্য করে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘পঞ্চম সংশোধনী অবৈধ-সংক্রান্ত সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের মাধ্যমে মূল সংবিধানে রাষ্ট্র পরিচালনা ও আইন করার মূলনীতিগুলো ফিরে আসবে। সুপ্রিম কোর্টের রায় সংবিধান সংশোধন করেনি।’বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ঢাকা ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ার বিষয়ে দায়ের করা রিট আবেদন হাইকোর্টের খারিজ করে দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন তার নিজস্ব গতিতে চলবে। আদালত যে রায় দেন, তা সবাইকে মানতে হবে। আইনের ঊর্ধ্বে কেউ নন।’ধর্মভিত্তিক রাজনৈতিক দল প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দলগুলোর নিবন্ধনের বিষয় পুনর্বিবেচনার জন্য নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে গঠনতন্ত্রের প্রয়োজনীয় পরিবর্তনের ব্যাপারে বলতে পারে।১৯৭২ সালের মূল সংবিধানে যেকোনো ধর্মের ভিত্তিতে রাজনৈতিক দল গঠনের বিষয়টি নিষিদ্ধ করা হয়েছিল।সুুুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আয়োজিত একটি সেমিনারে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে আপিলের বিধান এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই বলে যুক্তরাজ্যের আইনজ্ঞ স্টিফেন কেয়ি কিউসি যে বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, ‘তাঁর বক্তব্য বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক।’স্টিফেন কেয়ির বক্তব্যকে ভিত্তিহীন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আইনে আপিলের বিধান আছে এবং আইন অনুযায়ী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে। আইনে অভিযুক্ত ব্যক্তিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ রয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা পছন্দমতো আইনজীবী নিয়োগ করতে পারবেন। কাজেই একাত্তরের মানবতাবিরোধী অপরাধের যে বিচার আমরা করতে যাচ্ছি, তা আন্তর্জাতিক মানের হবে। বিদেশি পর্যবেক্ষকেরাও বিচার পর্যবেক্ষণ করতে পারবেন।’তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশ সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে বলেছেন, বিচারব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের যথেষ্ট সুযোগ রয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে তাঁর সরকারের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূূত আশ্বাস দিয়েছেন। বিনিয়োগবান্ধব পরিবেশের জন্য তুরস্কের উদ্যোক্তাদের আরও বিনিয়োগে এগিয়ে আসার জন্যও তিনি আহ্বান জানিয়েছেন বলে জানান আইনমন্ত্রী।