আগামী সপ্তাহে হল-মার্ক কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকিং খাতে সবচেয়ে বিতর্কিত হল-মার্ক কেলেঙ্কারির মামলা-পরবর্তী তদন্ত প্রতিবেদন আগামী সপ্তাহে কমিশনে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদক কমিশনার (তদন্ত) মো. সাহাবউদ্দিন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে কমিশনার সাহাবউদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান।

দুদক কমিশনার বলেন, ‘তদন্ত প্রতিবেদন এখনো কমিশনে আসেনি। আশা করছি আগামী সপ্তাহের সোমবারে এটি কমিশনে উপস্থাপন করতে পারবে তদন্ত দল।’ তিনি জানান, তদন্ত প্রতিবেদনটি এখন সংশ্লিষ্ট শাখায় রয়েছে। তাদের পর্যালোচনা শেষে এটি কমিশনে জমা পড়বে।

গত বছরের ৪ অক্টোবর হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক ও ডিজিএম (সাময়িক বরখাস্ত) এ কে এম আজিজুর রহমানকে আসামি করে ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করে দুদক।

মামলার এজাহারগুলোতে বলা হয়, সোনালী ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে রূপসী বাংলা হোটেল শাখা থেকে হল-মার্ক মোট দুই হাজার ৬৮৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ করে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে পরিশোধিত (ফান্ডেড) অর্থ হচ্ছে এক হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা।