আগামী ১০ বছরের মধ্যে বাংলা পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা হবে: মোস্তাফা জব্বার
পৃথিবীর পঞ্চম বৃহত্তম মুখের ভাষা বাংলা আগামী ১০ বছরের মধ্যে তৃতীয় বৃহত্তম ভাষা হবে বলে আশা প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেছেন, ‘বাংলা ভাষা ও রীতি হারিয়ে যাবে বলে অনেকে ধারণা করছেন। আমি তা মনে করি না।’
আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারকে নিয়ে রচিত ‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ এবং ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক রচিত ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ শিরোনামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান। এ সময় আরও উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন এবং বিশিষ্ট আবৃত্তিকার রুপা চক্রবর্তী। নগদের পাবলিক কমিউনিকেশন্স প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন।
লেখক দেবব্রত মুখোপাধ্যায় ‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ বইটি লিখেছেন। এতে মোস্তাফা জব্বারের কর্মময় জীবনসহ ডিজিটাল বাংলাদেশ নিয়ে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা ও অবদানের কথা উঠে এসেছে। বইটি প্রকাশ করেছেন প্রকৌশলী মেহেদী হাসান।
নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকের ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ বইটি প্রকাশ করেছে আবিষ্কার প্রকাশনী। বইটিতে যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক পরিবর্তন ও ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণে এ পর্যন্ত উল্লেখযোগ্য উদ্ভাবন নিয়ে আলোচনা করা হয়েছে।
প্রকাশিত বই নিয়ে তানভীর এ মিশুক বলেন, ‘এ বইয়ের মাধ্যমে আমি একটি বিষয় সবার কাছে পৌঁছানোর চেষ্টা করেছি, সেটি হলো ডিজিটাল বিপ্লবের পর এখন আমাদের সময় এসেছে এর সুফল সবার ঘরে পৌঁছে দেওয়ার।’
‘মোস্তাফা জব্বার, একাকী এক পর্বতারোহী’ বইটি একুশে বইমেলার ১৭ নম্বর স্টলে বাংলাপ্রকাশ প্যাভিলিয়নে পাওয়া যাবে। ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ বইটি বইমেলার ৪৩৯, ৪৪০ ও ৪৪১ নম্বর স্টলে পাওয়া যাবে। এ ছাড়া দেশের অন্যতম অনলাইনভিত্তিক বই কেনাকাটার প্ল্যাটফর্ম রকমারি থেকেও সহজেই ‘অর্থনৈতিক অন্তর্ভুক্তিতে ডিজিটাল বিপ্লব’ গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন পাঠকেরা। পাশাপাশি রকমারি থেকে ‘নগদ’-এর গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে বইপ্রেমীরা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।