দেশ থেকে আগামী ৫০ বছর খনিজ সামগ্রী রপ্তানি নিষিদ্ধ করতে জাতীয় সংসদে একটি বেসরকারি বিল উত্থাপন করা হয়েছে। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে উত্থাপিত বিলটি পরে বেসরকারি সদস্যদের বিল-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে।গতকাল বৃহস্পতিবার সংসদের বেসরকারি সদস্য দিবসে ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন খনিজ সামগ্রী রপ্তানি নিষিদ্ধকরণ আইন, ২০১০ নামে এ বিল উত্থাপন করেন। এতে বলা হয়েছে, আইনটি কার্যকর হওয়ার তারিখ থেকে ৫০ বছর পর্যন্ত প্রজাতন্ত্রের খনিজ সামগ্রী অশোধিত অথবা প্রক্রিয়াজাত অথবা অন্য কোনো রূপান্তরিত অবস্থায় রপ্তানি করা যাবে না। এ ছাড়া সরকার বা সরকারি কোনো কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি কোনো পর্যায়েই এ ধরনের খনিজ সামগ্রী রপ্তানি করার সিদ্ধান্ত বা উদ্যোগ নেবেন না। বিলের অপরাধ ও শাস্তির অংশে বলা হয়েছে, কোনো ব্যক্তি এর বিধান লঙ্ঘন করে রপ্তানির উদ্যোগ বা সিদ্ধান্ত নিলে অপরাধ হিসেবে গণ্য হবে। এ জন্য তিনি ১৪ বছরের কারাদণ্ড বা অনধিক পাঁচ লাখ টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে দেশে জ্বালানি সংকট প্রকট আকার ধারণ করেছে।