আগামী ৬ থেকে ১৬ অক্টোবর ইলিশ ধরা নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত প্রধান প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত সাত হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে ইলিশ মাছ ধরা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।এ সময়ে ইলিশ মাছ ধরা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এ-সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।ইলিশ মাছের নিশ্চিত প্রজননের লক্ষ্যে ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদী ও বাজারে অভিযান পরিচালিত হবে।ইলিশের প্রজননের ক্ষেত্র বা আহরণ-নিষিদ্ধ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর সীমানা হলো: চট্টগ্রামের মীরসরাই উপজেলার শাহের খাল থেকে হাইতিকান্দি, ভোলার তজুমুদ্দিন উপজেলার উত্তর তজুমুদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপালি ও কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গন্ডামারা পয়েন্ট।মন্ত্রী বলেন, জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান পরিচালনা করবে।