আগামী ৭ জানুয়ারি জাতীয় টিকা দিবস
আগামী ৭ জানুয়ারি জাতীয় টিকা দিবস পালিত হবে। দুই দফায় সারা দেশের অনূর্ধ্ব পাঁচ বছরের দুই কোটি ২০ লাখ শিশুকে এ টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত পোলিও নির্মূল এবং হাম নিয়ন্ত্রণ-সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক এতে সভাপতিত্ব করেন।সভায় জানানো হয়, জাতীয় টিকাদান কর্মসূচির প্রথম রাউন্ড হবে ৭ জানুয়ারি। ওই দিন শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা, ছয় থেকে ১১ মাসের শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং এক থেকে পাঁচ বছর বয়সের শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১১ জানুয়ারি দ্বিতীয় রাউন্ডের দিন শূন্য থেকে পাঁচ বছরের শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা এবং দুই থেকে পাঁচ বছরের শিশুকে একটি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। বিজ্ঞপ্তি।