আগামীকাল আইবিএফবির চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যালয় উদ্বোধন
ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি), চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যক্রম কাল ২১ মার্চ শুরু হতে যাচ্ছে। গতকাল সোমবার নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে আইবিএফবির সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশি ও বিদেশি ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত আইবিএফবি ২০০৬ সালে কার্যক্রম শুরু করে। সেই থেকে দেশে ব্যবসার পরিবেশ, অর্থনীতির উন্নয়ন এবং জাতীয় নীতিনির্ধারণে আইবিএফবি কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান খুঁজতে ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের মধ্যে চট্টগ্রাম চ্যাপ্টার যোগসূত্র স্থাপন করবে বলে জানান আইবিএফবির সভাপতি। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২১ মার্চ বাণিজ্যমন্ত্রী আইবিএফবির চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যক্রম উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারপারসন ওয়েস্টার্ন মেরিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেনসহ নতুন মনোনীত নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইবিএফবির চট্টগ্রাম চ্যাপ্টারের ভাইস চেয়ারপারসন ফাহিম এ ফারুক চৌধুরী ও এ কাইয়ুম চৌধুরী এবং কোষাধ্যক্ষ মো. এম মহিউদ্দিন চৌধুরী।