আগামীকাল আদালতে যাবেন খালেদা জিয়া

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই মামলায় কাল তাঁর আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ধার্য আছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া আগামীকাল সকাল ১০টায় আদালতের উদ্দেশে রওনা হবেন।
গত ৩০ জানুয়ারি আদালতে হাজির হয়েছিলেন খালেদা জিয়া। ওই দিন অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত খালেদার আত্মপক্ষ সমর্থনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। আর খালেদার পক্ষে মামলার পুনঃতদন্তের আবেদনের ওপর বিস্তারিত শুনানির সময়ও ওই দিন ধার্য করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন করে দেওয়া অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য ২ ফেব্রুয়ারি তারিখ ধার্য রয়েছে।
এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাশকতার ৯টি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলায় আজ বুধবার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবীরা জানান আসামি অসুস্থ। তাই তাঁরা সময়ের আবেদন করেন। আদালত ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। সেদিন হাজির না হলে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে আদালত জানান।