আগামীকাল খুলনায় উন্নয়ন কমিটির অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের জন্য আসন্ন বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ এবং বৃহত্তর খুলনার সার্বিক উন্নয়নে ১৮ দফা বাস্তবায়নের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। ওই দিন সকাল সাড়ে ১০টায় খুলনা মহানগরের পিকচার প্যালেস মোড়ে এ অবস্থান ধর্মঘট হবে।১ এপ্রিল সন্ধ্যায় কমিটির কার্যালয়ে সংগঠনের নির্বাহী পরিষদের সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য দল-মতনির্বিশেষে সবাইকে আহ্বান জানিয়ে বলা হয়, অবস্থান ধর্মঘটের দিন পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ১৮ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে খুলনায় আধুনিক রেলস্টেশন, খুলনা-দর্শনা দ্বৈত রেললাইন নির্মাণ ও ঢাকা-খুলনা দ্রুতগামী আরও একটি ট্রেন চালু, খুলনায় গ্যাস বিতরণ লাইন স্থাপন এবং গ্যাস সরবরাহের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ, গ্যাস সরবরাহের আগ পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভর্তুকিমূল্যে সিলিন্ডারের গ্যাস সরবরাহ, মাওয়ায় পদ্মা সেতু নির্মাণ, মংলা বন্দরের প্রবেশপথ ও চ্যানেল খনন করা, খুলনা নিউজপ্রিন্ট মিলসহ বন্ধ কল-কারখানা চালু, খুলনা টেক্সটাইল মিলের জায়গায় টেক্সটাইলপল্লি স্থাপন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত কৃষি বিশ্ববিদ্যালয় দ্রুত স্থাপন ও নগরের তিনটি বিদ্যালয় ও কলেজ সরকারীকরণ, শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা।উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন শেখ মোশারফ হোসেন, শেখ আবুল কাশেম, শেখ হাফিজুর রহমান, মো. মনিরুজ্জামান, মিজানুর রহমান, মিনা আজিজুর রহমান, মাস্টার মনিরুল ইসলাম, ফজলুর রহমান, মিজানুর রহমান, আমিনুর রহমান, শেখ আবদুল্লাহ, মোল্লা মারুফ রশিদ, শিকদার আবদুল খালেক, হুমায়ুন রেজা খান, তসলিমা বেগম, আরজুল ইসলাম, বিশ্বাস জাফর আহমেদ, শেখ আমির হোসেন প্রমুখ।