আগামীকাল চালু হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল
উদ্বোধনের দেড় বছর পর অবশেষে আগামীকাল শনিবার চালু হচ্ছে কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনাল। একজন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে টার্মিনালের উদ্বোধন করলেও অনুষ্ঠানে স্থানীয় এক সাংসদকে দাওয়াত না দেওয়ায় তিনি এত দিন তা চালু হতে দেননি বলে জানা গেছে।কুমিল্লা শহরের আশরাফপুরে ওই বাস টার্মিনাল অবস্থিত। নতুন টার্মিনাল চালু হলে দক্ষিণ কুমিল্লার ছয়টি উপজেলার বাসিন্দারা উপকৃত হবে। একই সঙ্গে নগরের টমছম ব্রিজ এলাকা যানজটমুক্ত হবে বলেও আশা করা হচ্ছে।কুমিল্লা সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রায় দুই কোটি আট লাখ ৯২ হাজার ৮০৮ টাকা ব্যয়ে ওই বাস টার্মিনাল তৈরি করা হয়। ২ দশমিক ৯৬ একর জায়গা নিয়ে এর বিস্তৃতি।জানা গেছে, ২০০৯ সালের ৫ ডিসেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেছিলেন। এ অবস্থায় কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনকে না জানিয়ে এর উদ্বোধন করায় তিনি টমছম ব্রিজ থেকে বাসস্ট্যান্ড সরাতে দেননি।সাংসদ বাহাউদ্দিন বলেন, ‘২০০৯ সালের ৭ ডিসেম্বর ওই বাস টার্মিনাল উদ্বোধনের তারিখ জেলা প্রশাসন সভা করে নির্ধারণ করেছিল। হঠাৎ করে তৎকালীন জেলা প্রশাসক দুই দিন আগেই (৫ ডিসেম্বর) এর উদ্বোধনের ব্যবস্থা করেন। ওই সময় আমি দেশের বাইরে অবস্থান করছিলাম। এ কারণে উদ্বোধন হওয়ার পর সেখানে টার্মিনাল নেওয়া সম্ভব হয়নি। এখন সেখানে টার্মিনাল যাবে।’বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুমিল্লা জেলার সভাপতি ও কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজাউল আহসান প্রথম আলোকে জানান, সম্প্রতি স্থানীয় সাংসদের সঙ্গে বৈঠক করে টমছম ব্রিজ থেকে বাসস্ট্যান্ড আশরাফপুর এলাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।