আগামীকাল ঢাকায় ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। গতকাল বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলের মহাসচিব পর্যায়ের অনির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা, বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুম, খুন ও নির্যাতনের প্রতিবাদে এবং ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি দেওয়া হয়।মির্জা ফখরুলের সভাপতিত্বে বৈঠকে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি শফিকুল ইসলাম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) মহাসচিব আলমগীর মজুমদার, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, বাংলাদেশ ন্যাপের গোলাম মোস্তফা ভূঁইয়াসহ ১৮ দলীয় জোটের শরিক দলের নেতারা উপস্থিত ছিলেন।সোমবার ছাত্রদলের বিক্ষোভ মিছিল: সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি প্রদান ও সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া এ কর্মসূচির ঘোষণা করেন।এদিকে ওয়াশিংটন টাইমস-এ লেখা নিবন্ধ নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সম্পর্কে কটূক্তির প্রতিবাদে বিকেলে নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল।