আগামীকাল থেকে খোলা বাজারে ২২ টাকা কেজি চাল বিক্রি শুরু
আগামীকাল বুধবার থেকে রাজধানীসহ দেশের চারটি শ্রমঘন এলাকায় খোলাবাজারে ওএমএস চাল বিক্রি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এক মাস ধরে চালের দাম বাড়তে থাকায় দরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তার কথা বিবেচনা করে এই চাল বিক্রি কার্যক্রম শুরু হতে যাচ্ছে বলে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। প্রতি কেজি ২২ টাকায় মাথাপিছু পাঁচ কেজি করে এই চাল দেওয়া হবে। গতকাল খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক সভায় ঢাকা শহরসহ চারটি শ্রমঘন জেলা ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে ওএমএস চাল বিক্রির ব্যাপারে সিদ্ধান্ত হয়। প্রতি কেজি চালের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয় ২২ টাকা। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিক্রয়কেন্দ্র খোলা থাকবে। একজন ব্যক্তি একসঙ্গে পাঁচ কেজি করে চাল কিনতে পারবেন। এ ছাড়া খাদ্য অধিদপ্তর ট্রাকে করে বিভিন্ন জনবহুল স্থানে একই মূল্যে চাল বিক্রি করবে।খাদ্য অধিদপ্তর সূত্রে আরও জানা গেছে, আপাতত দুই মাসের প্রস্তুতি নিয়ে খোলাবাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হবে। এ জন্য আজ মঙ্গলবারের মধ্যে রাজধানীতে ডিলার নিয়োগ দেওয়া হবে। এক্ষেত্রে এর আগে যাঁরা ওএমএস চাল বিক্রি করেছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। আপাতত রাজধানী ও চারটি শহরে ওএমএস চালু হলেও প্রয়োজনে অন্যান্য শহরেও তা শুরু করা হবে। ওএমএস চালুর পরও চালের দাম না কমলে দেশের অন্যান্য স্থানেও তা চালু করা হবে। উল্লেখ্য, খাদ্য অধিদপ্তরের কাছে বর্তমাসে প্রায় সাড়ে নয় লাখ টন চাল রয়েছে। বর্তমানে টিআর ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি-কাবিখার মাধ্যমে গ্রামাঞ্চলে চাল সরবরাহ করা হচ্ছে।