দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে আগামীকাল রোববার থেকে ফের উৎপাদন শুরু হচ্ছে। ভূগর্ভে ভূমিধস ও কারিগরি সমস্যার কারণে তিন মাস খনির কয়লা উত্তোলন পুরোপুরি বন্ধ ছিল। কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিএমসি-এক্সএমসি কনসোটিয়ামের ৮৫০ জন দেশি শ্রমিক গতকাল শুক্রবার সকাল থেকে উৎপাদনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন।জানা গেছে, গত ১১ মে সকালে খনিমুখে বড় ধরনের ভূমিধস হয়। এ সময় ওপর থেকে একটি বিশাল আকারের পাথরখণ্ড খনির অভ্যন্তরে সড়কের ওপর পড়ে। এতে একজন দেশি শ্রমিক মারা যান এবং অন্তত ২০ জন শ্রমিক গুরুতর আহত হন। ওই ঘটনার পর থেকে খনির কয়লা উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়।খনি সূত্রে জানা যায়, খনিমুখে ওই পাথরখণ্ডটি অপসারণের বিষয়ে চীনা বিশেষজ্ঞ ও ব্রিটিশ বিশেষজ্ঞদের মধ্যে পদ্ধতিগত মতপার্থক্য দেখা দেয়। চীনা বিশেষজ্ঞরা ভূগর্ভে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে পাথরখণ্ডটি অপসারণের পক্ষে মত দেন। কিন্তু পেট্রোবাংলার ব্রিটিশ বিশেষজ্ঞদের ভাষ্য, ভূগর্ভে প্রচুর পরিমাণ মিথেন গ্যাসের প্রভাব আছে। ডিনামাইট বিস্ফোরণ ঘটালে খনির অভ্যন্তরে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকবে। তাঁরা তীব্র পানির প্রবাহ ঘটিয়ে পাথরখণ্ডটি অপসারণের পক্ষে মত দেন। কোন পদ্ধতিতে পাথরখণ্ডটি অপসারণ করা হবে, এ নিয়ে দীর্ঘ আড়াই মাস বিভিন্ন দপ্তরে বৈঠক ও চিঠি চালাচালি হয়। অবশেষে চীনারা ১৫ দিন ওই খনিমুখে বিস্ফোরণ ঘটিয়ে পাথরের চাপ কমিয়ে কয়লা উৎপাদনের উপযোগী করে তুলেছেন।বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, বিশেষজ্ঞদের সিদ্ধান্ত অনুযায়ী চীনারা ১৫ দিন ধরে খনির অভ্যন্তরে বিস্ফোরণ ঘটায়। বর্তমানে পাথরের চাপ কমিয়ে তারা খনিকে উৎপাদনে যাওয়ার উপযোগী করেছে। দেশি শ্রমিকদের কাজে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।