আগামীকাল থেকে যানবাহন চলাচল বন্ধের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেলের অবৈধ চলাচল বন্ধসহ পুলিশের হাতে আটক বাসমালিক ও শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বরিশাল-পটুয়াখালী-বরগুনা মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। গত সোমবার রাতে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সমন্বয় পরিষদের নেতারা এ দাবি জানান। এ সময় নেতারা আজ বুধবারের মধ্যে তাঁদের দাবি মানা না হলে আগামীকাল বৃহস্পতিবার থেকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন।

সমন্বয় পরিষদের আহ্বায়ক মো. রিয়াজউদ্দিন মৃধা স্বাক্ষরিত লিখিত বক্তব্যে বলা হয়, দেশের মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচলে যোগাযোগ মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে এসব যান বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চলাচল করছে।

এ অবস্থায় বরগুনার মহাসড়কের আমতলীর চৌরাস্তায় অবৈধ গাড়ি যাতে চলাচল করতে না পারে সে জন্য গত মাসে সড়ক পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে বরগুনার প্রশাসন, বাসমালিক ও শ্রমিকদের সভায় মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সভার সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় গত সোমবার সকাল ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী চৌরাস্তা স্ট্যান্ডে মাহেন্দ্রশ্রমিক ও বাসশ্রমিকদের মধ্যে অপ্রত্যাশিতভাবে ‘গন্ডগোল’ হয়ে যায়। সেখানে বাসমালিক ও চার-পাঁচজন বাসশ্রমিক আহত হন। একপর্যায়ে পুলিশ ১৭ জন শ্রমিককে আটক করে।

এ অবস্থায় সমন্বয় পরিষদের পক্ষ থেকে গতকাল বুধবারের মধ্যে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল বন্ধ এবং আটক বাসমালিক ও শ্রমিকদের নিঃশর্ত মুক্তি না দেওয়া হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে সমন্বয় পরিষদের বরিশাল, পটুয়াখালী ও বরগুনার নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে এই মহাসড়কে মাহেন্দ্র, ইজিবাইক, ভাড়ায় চালিত মোটরসাইকেল অবৈধভাবে চলাচল করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দুই পক্ষ বৈঠকে না বসে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্লাহ বলেন, ওই ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে এবং ৫৪ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।