আগামীকাল প্রজাপতি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’—এ প্রতিপাদ্য সামনে রেখে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে প্রজাপতি মেলা। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার উদ্যোগে দিনব্যাপী এ মেলা হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মনোয়ার হোসেন।
মনোয়ার হোসেন বলেন, ‘প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্য বাড়াতে প্রজাপতির ভূমিকা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে আমরা প্রতিবছর এ মেলার আয়োজন করে থাকি।’ তিনি আরও বলেন, আগামীকাল শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত মেলা চলবে। সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে মেলার উদ্বোধন করবেন উপাচার্য ফারজানা ইসলাম। বিশেষ অতিথি থাকবেন চলচ্চিত্র প্রযোজক ক্যাথরিন মাসুদ। মেলা উদ্বোধন শেষে ওই দিনই বিশ্ববিদ্যালয়ে ‘বাটার ফ্লাই পার্ক অ্যান্ড রিসার্চ সেন্টার’ উদ্বোধন করবেন উপাচার্য।
দিনব্যাপী এ মেলায় থাকবে প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কন, বিতর্ক এবং গুণীজন সম্মাননা। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক সোহরাব আলীকে আজীবন সম্মাননা দেওয়া হবে।