আগামীকাল বর্ণমেলা
আগামীকাল একুশে ফেব্রুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামে নানা রূপের সাজে সাজবে বর্ণমেলা।
বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একুশে ফেব্রুয়ারি প্রথম আলোর উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে দিনব্যাপী আনন্দমুখর বর্ণমেলা। বর্ণের এই বর্ণিল মেলা বসবে ঢাকায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এবং চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে। মেলা শুরু হবে সকাল নয়টা থেকে, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
এ ছাড়া একুশে ফেব্রুয়ারিতে বর্ণমেলায় অনূর্ধ্ব দশম শ্রেণীর শিক্ষার্থীদের তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে সকাল ৯.৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হবে বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। প্রতিযোগীদের মেলা প্রাঙ্গণে প্রতিযোগিতার ৩০ মিনিট আগে চলে আসতে হবে।
দিনব্যাপী এ আয়োজনে থাকছে বর্ণমালা নিয়ে বিভিন্ন প্রদর্শনী, বর্ণদোলা, পুতুল খেলা, সিসিমপুর, বর্ণ দিয়ে টি-শার্টের নকশা, বর্ণ ক্যানভাস, মুখোশ প্রদর্শনীসহ নানা আয়োজন। বাংলা বর্ণমালা নিয়ে খাবার, পোশাক, বই ইত্যাদি প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থাও থাকবে মেলায়।
বর্ণমেলার অন্যতম আকর্ষণ বর্ণ পরিচয়ের উৎসব ‘হাতেখড়ি’। ছোট্ট সোনামণিদের হাতেখড়ি দিতে বর্ণমেলায় উপস্থিত থাকবেন দেশবরেণ্য কবি, লেখক, শিল্পী ও শিক্ষাবিদেরা।