চাওয়া-পাওয়ার হিসাব পেছনে রেখে কাল শনিবার সূর্যোদয়ের পর নগরবাসী মেতে উঠবে বসন্তের আনন্দে। জাতীয় বসন্ত উত্সব উদ্যাপন কমিটির আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় বসন্ত সমবেত হবে নানা বয়সী মানুষ। সকালে শুরু হবে এ উত্সবের কার্যক্রম। থাকবে সমবেত সংগীত, লোকনৃত্য, লোকগান, আবৃত্তিসহ নানা আয়োজন। এবারের উত্সবের স্লোগান ‘এসো মিলি প্রাণের উত্সবে’। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় জাতীয় বসন্ত উত্সব উদ্যাপন কমিটি। রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা জানান, তিন পর্বে অনুষ্ঠিত হবে এবারের বসন্ত উত্সব। চারুকলার বকুলতলায় সকাল সাতটায় অনুষ্ঠান শুরু হবে। এ পর্বটি সকাল ১০টায় বসন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে। সকালের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে থাকবে বসন্তকথন। এতে অংশ নেবেন আলী যাকের, কাজী আরিফ, সফিউদ্দিন আহমেদ প্রমুখ। বেলা সাড়ে তিনটায় বকুলতলায় এবং রবীন্দ্রসরোবরে আবার শুরু হবে উত্সব আয়োজন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আরিফ, সফিউদ্দিন আহমেদ, মানজারুল ইসলাম প্রমুখ। সাংস্কৃতিক জোটের অনুষ্ঠান‘বুকের যুদ্ধ জারি/অমর একুশে ফেব্রুয়ারি’ স্লোগান নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ১৪ দিনব্যাপী অমর একুশের অনুষ্ঠানমালার গতকাল বৃহস্পতিবার ছিল চতুর্থ দিন। এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী ও স্বভূমি শিল্পীগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করেন সাজেদ আকবর, তপন মজুমদার, শারমিন সাথী। দলীয় আবৃত্তি করে বিশ্বকলা কেন্দ্র। নৃত্য পরিবেশন করেন নটরাজের শিল্পীরা। পিঠা উত্সবসাংস্কৃতিক সংগঠন দৃষ্টির আয়োজনে ১৭তম পিঠা উত্সব শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিন দিনের এই উত্সবের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, বাংলাদেশ টেলিভিশনের উপমহাপরিচালক খ. ম. হারূণ ও শিল্পী ফকির আলমগীর। সন্ধ্যায় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক পুরস্কার বিতরণ করেন। উত্সবে ৬০ প্রকারের পিঠা প্রদর্শন করা হয়। শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। লোকজ উত্সবসোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উত্সব শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি থেকে। চলবে ১৪ মার্চ পর্যন্ত। ফাউন্ডেশন প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ঐতিহ্যবাহী কারুপণ্যের ১৯২টি স্টল থাকবে।