আগামীকাল বিমানের হজ ফ্লাইট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজযাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হজ ফ্লাইট শুরু হবে কাল বুধবার। এদিন সকাল সাতটা পাঁচ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে বিমানের প্রথম হজ ফ্লাইট (বিজি-১০১১) জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।
গতকাল সোমবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উদ্বোধনী ফ্লাইটের পর একই দিন দুপুর ১২টা পাঁচ মিনিটে ৪১৯ জন যাত্রী নিয়ে দ্বিতীয় (বিজি-৩০১১), বিকেল পাঁচটা পাঁচ মিনিটে ৩১৯ জন যাত্রী নিয়ে তৃতীয় হজ ফ্লাইট (বিজি-৫০১১) ঢাকা ছেড়ে যাবে। এ ছাড়া ওই দিন রাত ১১টা ৫৯ মিনিটে বিমানের নিয়মিত ফ্লাইটেও (বিজি-০০৩৫) কিছু হজযাত্রী পরিবহন করা হবে।
বিমান কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকেও প্রয়োজনীয়সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হবে। সিলেট থেকে ছাড়া হজ ফ্লাইটগুলো ঢাকা হয়ে যাবে।
চলতি মৌসুমে বাংলাদেশ থেকে ৯৮ হাজার ৭৫৭ জনের হজব্রত পালনের জন্য সৌদি আরব যাওয়ার কথা রয়েছে। তাঁদের মধ্যে অর্ধেক, অর্থাৎ ৪৯ হাজার ৩৭৮ জনকে বাংলাদেশ বিমান ও বাকি অর্ধেক হজযাত্রী বহন করবে সাউদিয়া এয়ারলাইনস। বিমানের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুষ্ঠুভাবে হজযাত্রী পরিবহনের জন্য নিয়মিত ফ্লাইট ছাড়াও হজ ফ্লাইটের জন্য বিমানের নিজস্ব তিনটি উড়োজাহাজ প্রস্তুত রাখা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হজ ফ্লাইট পরিচালনা করা হবে।