আগামীকাল ভোলা খাল দখলদারদের উচ্ছেদ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল ২৩ মার্চ থেকে ভোলা খাল দখলকারীদের উচ্ছেদ শুরু করা হবে। গতকাল ভোলা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে জেলা প্রশাসন ও ভোলা পৌরসভার মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন এ কথা বলেন।
ভোলা শহরের কাশিশ্বর সেতু থেকে (মোল্লা ব্রিজ) ভোলা সদর হাসপাতাল সেতু পর্যন্ত খাল দখল করে নির্মিত ১৫২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ ছাড়া কিছু দখলদারের সঙ্গে সরকারের মামলা চলছে। সেগুলো উচ্ছেদের বাইরে রাখা হয়েছে।
জেলা প্রশাসক বলেন, ‘অবৈধ দখলদারদের মধ্যে ১৫০ জনকে নোটিশ দিয়ে ২২ মার্চের মধ্যে খাল দখলমুক্ত করতে বলা হয়েছে। প্রশাসন ভোলাবাসীকে সঙ্গে নিয়ে খালের দুই পাশ দখলমুক্ত করতে চায়। এ জন্য জনমত তৈরি করেছি, যেন স্বতঃস্ফূর্তভাবে সবাই এ কাজে অংশ নেন।’ তিনি বর্ষা মৌসুমের মধ্যে উচ্ছেদ প্রক্রিয়া শেষ করতে আগ্রহী।