আগামীকাল শেরপুরে বিএনপির অর্ধদিবস হরতাল
শেরপুরে হরতালের আগের রাতে বাস পোড়ানোর মামলায় আটক বিএনপির নয় নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জেলা বিএনপি আগামীকাল রোববার শেরপুরে অর্ধদিবস হরতাল আহ্বান করেছে। শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজারে দলীয় কার্যালয়ে গত ৩১ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা বিএনপির নেতারা এ হরতাল আহ্বান করেন। শেরপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ছাইফুল ইসলাম বলেন, গত ১৭ মে হরতালের আগের রাতে শেরপুর জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১০ নেতা-কর্মীর বিরুদ্ধে বাস পোড়ানোর কল্পিত কাহিনি সাজিয়ে পুলিশ সদর থানায় দ্রুত বিচার আইনে একটি মিথ্যা মামলা দায়ের করে। মামলায় উচ্চতর আদালতের নির্দেশক্রমে বিএনপির নয় নেতা-কর্মী গত ৩১ মে বৃহস্পতিবার শেরপুরের দ্রুত বিচার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। কিন্তু আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আগামীকাল রোববার শেরপুরে অর্ধদিবস হরতাল আহ্বান করা হয়েছে বলে বিএনপির সভাপতি জানান।