আগামীকাল সারা দেশে পরিবহন ধর্মঘট আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তির দাবিতে কাল বৃহস্পতিবার সারা দেশে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে।

শিমুল বিশ্বাস সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। ফেডারেশনের উত্তরাঞ্চলীয় জেলাগুলোর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ধর্মঘট ডাকার বিষয়টি জানিয়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে বগুড়ায় মাইকিং করা হয়। এর আগে ১৪ নভেম্বর একই দাবিতে উত্তরাঞ্চলের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট ডাকলেও পরে তা স্থগিত করা হয়।

ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি প্রথম আলোকে বলেন, শিমুল বিশ্বাসকে মুক্তি দেওয়া হবে এমন আশ্বাস দেওয়ার পরও তার বাস্তবায়ন হয়নি। শ্রমিকদের দাবি অগ্রাহ্য করায় বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত সারা দেশে পরিবহন ধর্মঘট পালন করা হবে।

পাবনায় মানববন্ধন: শিমুল বিশ্বাসসহ বিএনপির গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে গতকাল দুপুরে পাবনায় ছাত্রদলের নেতা-কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। শহরের আবদুল হামিদ সড়কে এ কর্মসূচি পালিত হয়।

জেলা বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টায় ছাত্রদলের নেতা-কর্মীদের মানববন্ধনে বিএনপি, যুবদল, কৃষক দল, তাঁতী দলসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরাও যোগ দেন।