আগামীতে নতুন ধারার সরকার গঠনের ঘোষণা খালেদা জিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে নতুন ধারার একটি সরকার গঠন করার ঘোষণা দিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তিনি বলেন, নতুন ধারার সেই সরকার অন্যায় ও দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না।গতকাল বৃহস্পতিবার একটি ইফতার অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ ঘোষণা দেন। সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভার বিএনপির সমর্থিত নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মানে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্ট মেম্বারস ক্লাবের এলডি হল প্রাঙ্গণে বিএনপি এই ইফতারের আয়োজন করে। ইফতারের আগে সংক্ষিপ্ত ভাষণে খালেদা জিয়া বলেন, নির্দলীয় সরকারের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে বাংলাদেশকে একটি মর্যাদাশীল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে। তিনি জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, জনগণের সঙ্গে থাকুন, জনকল্যাণে কাজ করুন।খালেদা জিয়া বর্তমান সরকারকে দুর্নীতিবাজ, ব্যর্থ, খুনি সরকার হিসেবে অভিহিত করে বলেন, সংসদে যে দেশের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলেন, সে দেশে কখনোই সুশাসন প্রতিষ্ঠা হতে পারে না। দেশের মানুষ এই সরকারের পরিবর্তন চায়। তিনি রমজানের ইফতারে আল্লাহর কাছে ‘জুলুমবাজ সরকার ও তাদের দুঃশাসনের কবল’ থেকে দেশকে মুক্ত করতে সবাইকে মোনাজাত করার আহ্বান জানান। একই সঙ্গে ঈদের পর নির্দলীয় সরকারের আন্দোলনে তৃণমূল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতা চান।ইফতারে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, গাজীপুর, কুমিল্লার নির্বাচিত মেয়রসহ বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের দুই হাজার জনপ্রতিনিধি অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। ইফতারের আগে আলোচনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সদ্য নির্বাচিত মেয়র গাজীপুরের এম এ মান্নান, রাজশাহীর মোসাদ্দেক হোসেন, খুলনার মনিরুজ্জামান, বরিশালের আহসান হাবিব কামাল ও সিলেটের আরিফুল হক চৌধুরী এবং উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের মহাসচিব আতাউর রহমান, পৌরসভা সমিতির মহাসচিব শামীম আল রাজী।