আগামীবছর প্রজেক্টরে পাঠদান হবে বিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালে দেশের ২০ হাজার ৫০০ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, একুশ শতকে কেমন বাংলাদেশ হবে, সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। গতকাল বুধবার সিলেটের এমসি কলেজসহ সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের সূচনায় তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী গতকাল সিলেটে পৌঁছে সকালে এমসি কলেজের একটি নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে চারতলাবিশিষ্ট নতুন দুটি ভবন নির্মাণকাজের উদ্বোধন করে শিক্ষামন্ত্রী ঐতিহ্যবাহী কলেজ ছাত্রাবাস পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও কলেজের অধ্যক্ষ ধীরেশ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন। বিকেলে গোলাপগঞ্জ উপজেলার রানাপিং ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পাঁচটি পৃথক অনুষ্ঠানে যোগ দেন। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে বলেন, ‘ইসলামের আইন আর সৎলোকের শাসন পরিচালনার কথা বলে জামায়াত-বিএনপি জোট ক্ষমতায় এসেছিল। কিছুদিন অতিবাহিত হতে না হতে দেশকে ১ নম্বর দুর্নীতিবাজ দেশে পরিণত করেছিল। জঙ্গি, সন্ত্রাসের বিস্তারে দেশবাসী সন্ত্রস্ত ছিল। এখন তারা দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে বিভিন্ন অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় লিপ্ত রয়েছে। এর বিরুদ্ধে জনগণকে সচেতন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ শিক্ষামন্ত্রী গোলাপগঞ্জ ইউপির চৌঘরী গোয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, আদর্শ উচ্চবিদ্যালয়ের নতুন ভবন, শেরপুর কমিউনিটি ক্লিনিক ও কারখানা বাজার খলাগ্রাম শেখপুর রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুনীর উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।