আগামীর তারকারা পুরস্কৃত
আলো-ঝলমলে মঞ্চ। মঞ্চের ওপর জ্বলজ্বলে তারকারাশি। দেশীয় ঘরানার সুরের দ্যোতনায় মুগ্ধ দর্শক-শ্রোতা। সামনে উপবিষ্ট প্রথিতযশা ও আগামী প্রজন্মের তারকারা।
‘নারীর ক্ষমতায়ন’ শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত সেলিব্রেটিং লাইফ ২০১৩ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন ছিল এমন বর্ণাঢ্য। স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সহায়তায় গত শুক্রবার দ্য ডেইলি স্টার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে চলচ্চিত্র, আলোকচিত্র ও গান রচনা বিষয়ে দেশব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। চলচ্চিত্রে এ বছর শুধু বিশেষ সম্মাননা দেওয়া হয়। এ সম্মাননা পান ফজলে হাসান। গান রচনায় বিজয়ী হন রায়হানা পারভীন। হাসান নাজমুল প্রথম রানারআপ ও তপন বাগচী দ্বিতীয় রানারআপ হন।
বিশেষ সম্মাননা পান শাহ আলম, বিলাল হোসেন, খুরশীদ আলম, রবিউল হোসেন. মো. শহিদুল্লাহ, ও আর শিহাব, রফিক মুয়াজ্জিন ও হাসান। আলোকচিত্রে বিজয়ী হন সাব্বির ফেরদৌস। মাহফুজুল হাসান ভূঁইয়া প্রথম রানারআপ এবং ইসমাঈল ফেরদৌস দ্বিতীয় রানারআপ হন। বিশেষ সম্মাননা পান প্রবাল রশিদ, মো. ইব্রাহিম, খলিল ইউসুফ, তারেক আহমেদ, নূর আহমেদ ও নাসির উদ্দিন। নিজস্ব কর্মক্ষেত্রে অবদানের জন্য চলচ্চিত্রে সদ্য প্রয়াত আনোয়ার হোসেন (মরণোত্তর), সংগীতে গাজী মাজহারুল আনোয়ার ও আলোকচিত্রে আনোয়ার হোসেনকে জানানো হয় আজীবন সম্মাননা।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে সংগীত পরিবেশন করেন শিউলী ভট্টাচার্য, প্রিয়াঙ্কা গোপ, রিজওয়ান আলী, ইফফাত আরা নওরোজ, লাবিক কামাল ও নিশাত দে। শুভেচ্ছা বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, ডেইলি স্টারের ব্যবস্থাপনা সম্পাদক সালাউদ্দিন আহমেদ ও স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম মেককেব।