
প্রথম আলো: বিদায়ী বছর শিল্পকর্ম প্রদর্শনী হয়েছে প্রচুর। মানুষের আগ্রহের কারণ কী?
রাজীব সামদানি: এ দেশের মানুষের রক্তের ভেতরে সংগীত, চিত্রকলা, নাটক বহমান। বিশ্বের অনেক দেশেই দেখেছি, সাংস্কৃতিক আয়োজনে দর্শক আনতে আয়োজকদের বেগ পেতে হয়। কিন্তু আমাদের দেশে যত ছোট আয়োজনই হোক না কেন, অনেক মানুষ অংশ নেন। ভবিষ্যতে আমাদের দেশে বিদেশিরা শুধু সুন্দরবন, বান্দরবান দেখতে নয়, শিল্প ও চিত্রকর্ম দেখতে আসবেন, গান শুনতে আসবেন। আগামীর দিনগুলো হবে সাংস্কৃতিক পর্যটনের।
প্রথম আলো: আমাদের দেশের শিল্পকর্মগুলোর শেষ গন্তব্য কোথায়?
রাজীব সামদানি: বাংলাদেশের শিল্পকর্মের বাজার এত দিন একটি ছোট্ট বৃত্তে আটকে ছিল। ঢাকা আর্ট সামিট শুরু করার পেছনের অন্যতম উদ্দেশ্য ছিল সেই বলয়টি ভেঙে দেশের আর্টকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া। আর্টের যেমন কোনো মানচিত্র নেই, তেমনি শিল্পসংগ্রাহকদেরও কোনো মানচিত্রগত সীমাবদ্ধতা নেই। পৃথিবীর শিল্পরসিকদের বাংলার ঐশ্বর্যময় শিল্পসম্ভারের সন্ধান দিচ্ছি আমরা।
প্রথম আলো: তৃতীয় ঢাকা আর্ট সামিট নিয়ে বলুন। কেমন সাড়া পেয়েছেন?
রাজীব সামদানি: আমাদের তরুণ শিল্পীরা অসাধারণ কাজ করেন। ২০১২ সালে বাংলাদেশি শিল্পীদের নিয়ে শুরু করি, ২০১৪ সালে একে করা হয় দক্ষিণ এশীয় শিল্পকলার একটি প্ল্যাটফর্ম। তৃতীয়বার ২০১৬ সালে সমসাময়িক তরুণ শিল্পীদের পাশাপাশি এস এম সুলতান, রশিদ চৌধুরী, শফিউদ্দিন আহমেদের মতো শিল্পীদের কাজ প্রদর্শিত হয়েছে। এটা এখন একটি গবেষণা প্রকল্প। দক্ষিণ এশীয় শিল্পকলা সম্পর্কে জানতে হলে আসতে হবে ঢাকা আর্ট সামিটে। সারা বিশ্বের সাড়ে তিন শ সাংস্কৃতিক আয়োজনের মধ্যে বাংলাদেশের এই আয়োজনটি অন্তর্ভুক্তি লাভ করেছে।
প্রথম আলো: সামনে পরিকল্পনা কী?
রাজীব সামদানি: ব্যতিক্রমী একটি ধারণা নিয়ে ঢাকা আর্ট সামিট কাজ করে। দেশের তরুণদের তুলে ধরার জন্য, এগিয়ে নেওয়ার জন্য। আমরা সেমিনার, কনফারেন্স, কর্মশালা করি। এটি শুধু তিন দিনের আয়োজন নয়। আর্ট সামিটে প্রদর্শিত শিল্পকর্মগুলো দুই বছর ধরে সারা পৃথিবীতে ঘুরে ঘুরে প্রদর্শিত হয়। সারা বছর আমরা গবেষণা করি। বিভিন্ন দেশের সংগ্রাহক, শিল্পসমালোচক ও কিউরেটরদের দেশের শিল্পকর্ম দেখার আমন্ত্রণ জানাই। অনেকের ঘরে, জাদুঘরে বাংলাদেশের কাজ পৌঁছে গেছে। যে শিল্পীরা ধ্বনি নিয়ে কাজ করেন, এবার তাঁদের নিয়ে আমরা কাজ করব। শিল্পীদের সংগঠনগুলোকে নিয়েও আমাদের পরিকল্পনা আছে। ২০১৮ সালের প্রদর্শনীতে মূল বিষয় হবে ‘শিক্ষা’।
প্রথম আলো: এত সব আয়োজনের মধ্য দিয়ে কি আমরা এগোতে পারছি?
রাজীব সামদানি: আমাদের আগের প্রজন্ম যুদ্ধের বিভীষিকা নিয়ে বড় হয়েছেন। আমরা হরতাল-অবরোধ-সেনাশাসনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। পরের প্রজন্মটি হবে শিল্প-সংস্কৃতিতে পরিশুদ্ধ একটি প্রজন্ম। আমাদের কিন্তু বিদেশের মতো সুযোগ-সুবিধা নেই, পার্ক নেই, খেলার জায়গা নেই। কিন্তু তারপরও এ দেশের মানুষ অল্পতে সন্তুষ্ট। ফলে তাদের জন্য ভালো নাটক, সিনেমা, শিল্পকর্ম প্রদর্শনী, সংগীত উৎসব করলে তাঁরা সানন্দে তাতে যোগ দেন।