আগামীর নেতৃত্ব গঠনে নর্থ সাউথে মতবিনিময় সভা
নর্থ সাউথ ইউনিভার্সিটির আয়োজনে ‘উন্নত বাংলাদেশের জন্য আগামীর নেতৃত্ব’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় দেশের শীর্ষ করপোরেট প্রতিষ্ঠান এবং বহুজাতিক কোম্পানিসমূহের প্রধান নির্বাহী ও মানবসম্পদ বিভাগের প্রধানেরা অংশ নেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ বলেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা শেষে দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। শুধু সনদ দিয়েই তাঁরা দায়িত্ব শেষ করতে চান না। দেশি-বিদেশি প্রতিষ্ঠানসমূহের সহায়তায় তাঁরা ভবিষ্যতের দক্ষ নেতৃত্ব তৈরির মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ উপহার দিতে চান।
উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের সনদপ্রাপ্ত গ্র্যাজুয়েটের সংখ্যা ১৫ হাজারের বেশি। এর মধ্যে ৪ হাজারের মতো স্নাতক বিদেশে নামীদামি প্রতিষ্ঠানে কাজ করছেন। বাকিরা দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীরা ভবিষ্যতে উন্নত বাংলাদেশ গড়ার দক্ষ কারিগর হিসেবে কাজ করবেন—এটাই আমাদের লক্ষ্য।’