আগারগাঁওয়ে পাসপোর্ট দালালের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট করে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার সময় হাতেনাতে নয়জন দালালকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

র‌্যাব-২-এর ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে প্রত্যেক দালালকে তিন মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন নির্বাহী হাকিম এ এইচ এম আনোয়ার পাশা। 

 গ্রেপ্তার হওয়া দালালেরা হলেন মিলন মিয়া, আপেল মাহমুদ, দেলোয়ার হোসেন, ফারুক হোসেন, বাবুল মিয়া, ওহেদ হোসেন বাবু, টুটুল হোসেন, আকরামুজ্জামান ও আবদুল হান্নান।

র‌্যাবের নির্বাহী হাকিম আনোয়ার পাশা জানান, পাসপোর্ট করতে আসা সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়ে এসব দালাল ফরম পূরণ করে দেন। পরে পাসপোর্ট পাওয়া গেলে সেটি নিজেদের কাছে রেখে দিয়ে আরও মোটা অঙ্কের অর্থ আদায় করাই এদের কাজ।