আগারগাঁওয়ে ফুটপাত দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগারগাঁও ৬০ ফিট রোডে দুই পাশের ফুটপাত দোকান, আসবাব আর নির্মাণসামগ্রীর দখলে। ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়েই চলাচল করছেন পথচারীরা।
আগারগাঁও নিউরোসায়েন্সেস হাসপাতাল থেকে মিরপুর-২ পর্যন্ত বিস্তৃত সড়কটি ৬০ ফিট রোড নামে পরিচিত। দুই লেনের ৬০ ফুট প্রস্থের সড়কটির দুই পাশেই পাঁচ ফুট করে ফুটপাত আছে। ১৯৯৫ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৈরি করা বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) অনুযায়ী এ সড়কটি নির্মাণ করা হয়। রোকেয়া সরণি ও মিরপুর রোডের বিকল্প সড়ক হিসেবে নতুন এ সড়কটি ব্যবহৃত হচ্ছে।
গতকাল গিয়ে দেখা যায়, আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের সামনে থেকে বিএনপি বাজার পর্যন্ত এই সড়কের দুই পাশের পুরো ফুটপাতই দখল হয়ে গেছে। সড়কের ডান দিকের লেনে ফুটপাতে চেরাইয়ের জন্য আনা গাছ স্তূপ করে রাখা। পুরোনো আসবাব আর চৌকি বিক্রির জন্য ফুটপাত আর সড়কের ধারে সাজিয়ে রাখা হয়েছে। কাঠের তক্তার স্তূপ, রিকশা ভ্যানের সারি ফুটপাত পার হয়ে সড়কে নেমে এসেছে। ফুটপাতের ওপর বসেছে রিকশা সারাইয়ের দোকান। গরুও বেঁধে রাখা হয়েছে। পুরোনো আসবাবের পসরা সাজিয়ে বসেছেন আবদুল হালিম। তিনি বলেন, সড়কের উল্টো দিকে তাঁর দোকান আছে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য দিনের বেলায় দোকানের কিছু সামগ্রী ফুটপাতে সাজিয়ে রাখেন। উচ্ছেদ অভিযান হলে তখন সরে যান।
৬০ ফিট সড়কের বাঁ পাশের লেনে ফুটপাত ঘেঁষে বেশকিছু লাকড়ি-ভাঙারির দোকান আর ওয়ার্কশপ গড়ে উঠেছে। লাকড়ির দোকানের টুকরো করা কাঠ, ভাঙারির পুরোনো কার্টনের স্তূপ, ওয়ার্কশপের টায়ার আর চাকায় হাওয়া দেওয়ার যন্ত্র ফুটপাত দখল করে আছে। জানতে চাইলে ভাঙারি দোকানের মালিক হাবিব বলেন, অল্প সময়ের জন্য ফুটপাতে মাল রেখেছেন। আবার সরিয়ে নেবেন।
গতকাল এখানে মূল সড়ক ধরে পথচারীদের হেঁটে যেতে দেখা যায়। এই সড়কের ওপর বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। শিক্ষার্থীরাও দ্রুতগামী গাড়ির চলাচলের মধ্যে সড়কের এক পাশ ধরে হাঁটছে। একজন শিক্ষার্থীর অভিভাবক আমেনা বেগম বলেন, ‘রাস্তায় হাঁটা ঝুঁকিপূর্ণ জানি। কিন্তু ফুটপাতের মালিক তো দোকানদারেরা। আমাদের জায়গা কই?’
৬০ ফিট রোডের আগারগাঁও অংশটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৮ নম্বর ওয়ার্ডে পড়েছে। ওয়ার্ড কাউন্সিলর ফোরকান হোসেন প্রথম আলোকে বলেন, ‘নিয়মিত উচ্ছেদ হয়। সকালে খালি থাকে, দুপুরে বসে যায়। আমাদের তো অত লোকবল নেই। প্রশাসন নিয়মিত নজরদারি করলে হয়তো সমস্যার সমাধান হতে পারে।’