আগারগাঁওয়ে খাল দখল করে মার্কেট নির্মাণ বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের আগারগাঁওয়ে খাল দখল করে মাটি ভরাট ও মার্কেট নির্মাণের কাজ বন্ধে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট রুলসহ এ আদেশ দেন। বিবাদীদের ওই নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত ২ নভেম্বর ‘ঢাকার আরেকটি খাল মৃত্যুমুখে, ভরাট করে হচ্ছে শপিং কমপ্লেক্স’ শিরোনামে একটি জাতীয় দৈনিক প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে দুই আইনজীবী বুধবার রিটটি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন। আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী, ঢাকার জেলা প্রশাসক ও মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিবাদীদের ওই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রুলে খাল ভরাট করে ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং সিএস ও আরএস রেকর্ড অনুসারে ওই খালটি সংরক্ষণের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। খাল ভরাট করে গড়া স্থাপনা মমতা কোঅপারেটিভ সোসাইটিকে নিজ খরচে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে।
আগারগাঁও-শ্যামলী লিংক রোডের বাংলাদেশ বেতারের পাশ দিয়ে মিরপুরের দিকে চলে গেছে ৬০ ফুট প্রশস্ত সড়ক। এ সড়ক ধরে তিন শ ফুট এগোলেই তিতাস গ্যাসের প্রধান কার্যালয়ের নবনির্মিত বহুতল ভবন। এর আগেই রাস্তার পশ্চিম পাশ দিয়ে চলে গেছে খালটি।