আগারগাঁওয়ে পুরোনো মোটরসাইকেলের মেলা বসেছে
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে পুরোনো মোটরসাইকেল মেলা। ‘এখানেই বাইক বাজার’ স্লোগানে এই মেলার আয়োজন করেছে অনলাইনে কেনাকাটার ওয়েবসাইট এখানেই ডট কম।
দুই দিনব্যাপী এই মেলায় ব্যক্তিগতভাবে ব্যবহার করা মোটরসাইকেল প্রদর্শন ও বিক্রি করা যাবে। আজ শনিবার রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এখানেই ডট কমের প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা মোহাম্মদ নাজিমউদ্দিন বলেন, এই মেলা থেকে ক্রেতারা সহজেই নিজের পছন্দের মোটরসাইকেলটি কিনতে পারবেন। এ ছাড়া মেলা উপলক্ষে কিছু মোটরসাইকেলে ছাড় দেওয়া হয়েছে। মেলাটি সবার জন্য উন্মুক্ত।
গতকাল বেলা ১১টায় মেলায় ডিসকাভার-১৫০ সিসির একটি মোটরসাইকেল বিক্রি করতে যান আজিমপুরের সানোয়ার হোসেন। তিনি বলেন, মোটরসাইকেলটি তিনি এক বছর ব্যবহার করেছেন। এখন তেমন ব্যবহার করা হয় না। সব কাগজপত্র ঠিক আছে। দাম চেয়েছেন ১ লাখ ৩০ হাজার টাকা।
তবে গতকাল বেলা একটা পর্যন্ত মেলায় পুরোনো কোনো মোটরসাইকেল বিক্রি হতে দেখা যায়নি। এই সময়ের মধ্যে মেলায় দুই শতাধিক পুরোনো ও নতুন মোটরসাইকেল ছিল।