আগারগাঁওয়ের ৬০ ফুট সড়কে উচ্ছেদ

আগারগাঁও থেকে মিরপুর ২ নম্বর পর্যন্ত নতুন সড়ক এবং এর আশপাশের সড়কে অভিযান চালিয়ে ৫০০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত সোমবার পরিচালিত অভিযানে পাঁচজনকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।
৬০ ফুট প্রস্থের মিরপুর থেকে মণিপুর, পীরেরবাগ হয়ে আগারগাঁও পর্যন্ত হওয়া নতুন সড়কটি ‘৬০ ফুট রাস্তা’ নামে পরিচিত। মিরপুর ২ নম্বর গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়সংলগ্ন পোস্ট অফিসের পাশ থেকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতাল পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ৩ দশমিক ৬৩ কিলোমিটার। সড়কটিতে ২০১৪ সালের শেষ দিকে যান চলাচল শুরু হয়। কিন্তু বছর না ঘুরতেই সড়কটির অনেকাংশ অবৈধভাবে দখল হয়ে গেছে। সড়কের প্রস্থ কমে কোথাও ৩০, কোথাও ৪০ ফুট হয়ে গেছে।
সড়ক ও সড়কসংলগ্ন ফুটপাতে গড়ে উঠেছে দোকানপাট, রিকশা মেরামতের দোকান, বাজার। সড়কের অন্তত পাঁচ জায়গায় রাখা হয়েছে সিটি করপোরেশনের ময়লার কনটেইনার। বাড়িঘরের নির্মাণসামগ্রী রাখায় ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল বন্ধ। সড়কের প্রস্থ কমে যাওয়ায় লাগছে যানজট।
দুই লেনের ৬০ ফুট প্রস্থের সড়কটির দুপাশেই পাঁচ ফুট করে ফুটপাত আছে। পশ্চিম আগারগাঁও ও বিএনপি বাজার এলাকায় সড়কের ফুটপাতে দেওয়া হয়েছে নানা ধরনের দোকান। বাড়িঘরের নির্মাণসামগ্রী রাখায় ফুটপাত দিয়ে পথচারীদের চলাচল বন্ধ। সড়কের প্রস্থ কমে যাওয়ায় লাগছে যানজট।
সোমবার এই সড়কে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ডিএনসিসি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দিনব্যাপী উচ্ছেদ অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে নির্মাণ করা ৫০০টির বেশি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এ সময় স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন ২০০৯-এর অধীনে তিনজনকে ১১ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর অধীনে দুজনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এঁদের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়।