আগুন-আতঙ্কে ১০ গ্রামে রাত জেগে পাহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি বাড়িতে বালতিভর্তি পানি ও বালু। প্রতিটি বাড়ির একজন করে যুবক। তাঁদের হাতে টর্চলাইট, ছুরি-দাসহ দেশীয় অস্ত্র। রাত ১২টা থেকে ভোর পর্যন্ত চলছে টহল। মাঝে মাঝে গলা ছেড়ে হাঁকডাক। এভাবেই আগুন-আতঙ্কে রাত জেগে পাহারা দিচ্ছেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ৪০০ পরিবারের সদস্যরা। দমকল বাহিনী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোর থেকে দুই দিনের ব্যবধানে ওই ইউনিয়নের বাগানবাড়ি এলাকার ছয়টি বাড়িতে আগুন লেগে প্রায় ৩০টি ঘর পুড়ে যায়। কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কোনো সদস্য বা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগার সঠিক কারণ বলতে পারছেন না। ৩০০ থেকে ৪০০ গজের মধ্যে একই সঙ্গে দুটি বাড়িতে আগুন লাগছে। লোকজন একটি বাড়ির আগুন নেভাতে গেলে কিছুক্ষণ পরই দেখেন অদূরে কোনো বাড়িতে আগুন জ্বলছে। পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মালেক বলেন, ‘গত মঙ্গলবার বাগানবাড়িতে আগুন লাগার খবর পেয়ে আমরা যেতে থাকি। সেখানে পৌঁছার প্রায় ৩০০ গজ আগেই আরেকটি বাড়িতে আগুন জ্বলতে দেখি। ওই বাড়ির আগুন নিভিয়ে বাগানবাড়িতে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাই। এর মাত্র আধা ঘণ্টা আগেই বাগানবাড়ির উত্তরাংশে প্রায় একই সঙ্গে নজরুল ও কিছু দূরে ফজলের বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে যায়।’ইউপি চেয়ারম্যান মো. আমানুল্ল্লাহ বলেন, আগুন-আতঙ্কে এলাকার লোকজন প্রতি ঘরে বালতিভর্তি পানি ও বালু রাখছেন। পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করা হচ্ছে।