আগুন-আতঙ্কে ২২ শ্রমিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় অবস্থিত সিজনস ড্রেসেস লিমিটেড পোশাক কারখানায় আগুন-আতঙ্কে ছয়তলা থেকে নামার সময় পদদলিত হয়ে ২২ শ্রমিক আহত হয়েছেন। গাজীপুর শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল নয়টার দিকে সিজনস ড্রেসেস লিমিটেড পোশাক কারখানার ছয়তলায় একটি কমপ্রেসারের পাইপ খুলে যায়। এ সময় পাইপ দিয়ে দ্রুতগতিতে বাতাস বের হওয়ার শব্দ হয়। মুহূর্তে শ্রমিকদের মধ্যে আগুন-আতঙ্ক তৈরি হয়। ওই ছয়তলায় ৪৩০ জন শ্রমিক কাজ করছিলেন। একসঙ্গে সবাই সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করলে ২২ জন শ্রমিক আহত হন।আহত ১২ শ্রমিক টঙ্গীর গুটিয়া এলাকায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এঁদের মধ্যে আয়শা (৩২) ও শাহিদার (৩০) অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন। অন্য ১০ শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কারখানার নির্বাহী পরিচালক মো. এমদাদ রিজভি জানান, কারখানায় কোনো ধরনের আগুন লাগেনি। আতঙ্কিত শ্রমিকেরা হুড়োহুড়ি করে একসঙ্গে নামার চেষ্টা করায় দুর্ঘটনা ঘটে। আহত সব শ্রমিকের চিকিৎসার ব্যয় কারখানা কর্তৃপক্ষ বহন করবে।