আগুন কেড়ে নিল তিন বোনের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিতি (৬), লামিয়া (৩) ও জান্নাত (ছয় মাস) তিন বোন। গত সোমবার রাতে মা নূরজাহান বেগম তাদের ঘুম পাড়িয়ে রেখে বাইরে যান। এ সময় ঘরে আগুন লেগে তিন বোনই অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।নরসিংদী শহরের বাসাইল এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। দিতিদের বাবার নাম সাত্তার মিয়া।স্থানীয় সূত্রে জানা যায়, সাত্তার দীর্ঘদিন ধরে বাসাইলের ওই বাড়িতে ভাড়া থাকেন। সাত্তার স্থানীয় একটি রিকশার গ্যারেজে কাজ করেন। রাতে রিকশার গ্যারেজেই থাকেন তিনি। সোমবার রাতে বিদ্যুৎ না থাকায় ঘরে কুপি জ্বালিয়ে রাখেন মা নূরজাহান। তিন মেয়েকে ঘুম পাড়িয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘরের বাইরে থেকে তালা দিয়ে সাত্তারের সঙ্গে দেখা করতে গ্যারেজে যান তিনি। ঘণ্টা খানেকের মধ্যে তাঁরা আগুন লাগার খবর পান।স্থানীয় বাসিন্দাদের সন্দেহ, সম্ভবত কুপি থেকে আলনায় রাখা কাপড়ে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ছুটে গিয়ে তিন শিশুকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অগ্নিদগ্ধ তিন বোনের লাশ উদ্ধার করা হয়।সাত্তার কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘কী থেকে কী হয়ে গেল, বুঝতে পারতাছি না?’নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, কুপি থেকে ঘরে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।