আগুন কেড়ে নিল তিন ভাইবোনকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর বায়োজিদ গ্রামে গত শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ভূমিহীন পরিবারের একটি বসতঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই পরিবারের তিন শিশুর। ওই শিশুরা হলো, মো. ফকির (৯), বিবি আয়েশা (৬), সম্পদ (২)। ওদের বাবার নাম গিয়াস উদ্দিন। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ওই তিন শিশুর মা আলেয়া বেগম বসতঘরের কোনায় লাকড়ির চুলায় তরকারি রান্না করছিলেন। সাড়ে আটটার দিকে হঠাৎ ঘরে আগুন ধরে যায়। এ সময় তিনি ঘরের বাইরে এসে চিৎকার দিলে আশপাশের বাসিন্দারা ছুটে এসে অনেক চেষ্টার পর আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরে থাকা ওই তিন ভাইবোন অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। পরে লোকজন ওদের দগ্ধ লাশ উদ্ধার করে।