আগুন কেড়ে নিল স্ত্রীকে, দগ্ধ স্বামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির দুর্গম জুরাছড়িতে গতকাল মঙ্গলবার রাতে আগুনে পুড়ে মারা গেছেন সনতারা চাকমা (৮০) নামের এক বৃদ্ধা। দগ্ধ হয়েছেন তাঁর স্বামী হূদয় কুণ্ড চাকমা (৮২)।

আগুনে পুড়েছে দুটি বেসরকারি সংস্থার কার্যালয়সহ আটটি বাড়ি। উপজেলা প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খাদ্যগুদাম এলাকার একটি বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় বাড়িতে ঘুমিয়ে থাকা স্থানীয় গ্রামপ্রধান (কার্বারি) হূদয় কুণ্ড চাকমা আগুনে গুরুতর দগ্ধ হন। তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আগুন নেভানোর পর ঘর থেকে তাঁর স্ত্রী সনতারার লাশ উদ্ধার করা হয়।

সড়কপথে যোগাযোগহীন উপজেলা হওয়ায় সেখানে ফায়ার সার্ভিসের কর্মীদের যাওয়া সম্ভব হয়নি। স্থানীয় লোকজন, সেনাবাহিনী, পুলিশের সদস্যরা মিলে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই আমি ঘটনাস্থলে যাই। কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন আয়ত্তে আনা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’