আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধারের দাবিতে গতকাল পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা  ছবি: প্রথম আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধারের দাবিতে গতকাল পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা ছবি: প্রথম আলো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলে থাকা তিব্বত হল উদ্ধারের দাবিতে গতকাল রোববার টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানকে স্মারকলিপি দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। সাধারণ শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে যোগ দেন।
দাবি আদায়ে আজ সোমবার সকালে চতুর্থ দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় অবরোধ করবেন তাঁরা। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগসমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দল, বিএনপিসমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল ও বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়সংলগ্ন তিব্বত হলটি দুই যুগের বেশি সময় ধরে দখলে রেখেছেন স্বতন্ত্র সাংসদ হাজি মোহাম্মদ সেলিম।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিব্বত হলটি উদ্ধারে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা। পরে রায়সাহেব বাজার মোড়ে পৃথক তিনটি স্থানে প্রায় ২০টি টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। অবরোধ চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এতে ওই এলাকাসহ সদরঘাট থেকে যাত্রাবাড়ী ও গুলিস্তান সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে শিক্ষার্থীরা আবার ক্যাম্পাসে মিছিল নিয়ে ফিরে যান। এ সময় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে আরও চারটি টায়ারে আগুন দেন শিক্ষার্থীরা। পরে বেলা একটার দিকে মুক্তিযুদ্ধের ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
সমাবেশ চলাকালে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির এক অনুষ্ঠানে আসেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। বিষয়টি সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
সমাবেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আট বছর পরও শিক্ষার্থীদের আবাসনব্যবস্থা নিশ্চিত করতে পারেনি প্রশাসন। তিব্বতসহ আর নয়টি হল উদ্ধারে তৎপরতাও থেমে আছে। তাই দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাবেন তাঁরা। সমাবেশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নেতা-কর্মীরা বক্তব্য দেন।
কর্মসূচির অংশ হিসেবে গতকাল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছ স্মারকলিপি দেওয়া হয়েছে। তিব্বত হলটি উদ্ধার না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের আবাসন সমস্যা আন্দোলন করে সমাধান করা কঠিন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসনব্যবস্থার দায়িত্ব সরকারের। তাই সব আইনগত দিক বিবেচনা করে সরকারকেই সমস্যার সমাধান করতে হবে।’
একই দাবিতে গত বুধবার ও বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করা হয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থাকা অবস্থায় ১৯৮৫ সালের দিকে শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পর ‘তিব্বত ছাত্রাবাসটি’ বেদখলে চলে যায়। ওই ছাত্রাবাসে প্রায় চার শ শিক্ষার্থীর আবাসনব্যবস্থা ছিল। পরে হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে তিব্বত ছাত্রাবাসটি নিজের নিয়ন্ত্রণে নেন হাজি মোহাম্মদ সেলিম। পরে ২০০৫ সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ছাত্রাবাসের নামটি ‘তিব্বত হল’ নামে পরিচিতি পায়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে গত সোমবার জাতীয় সংসদে এক অনির্ধারিত আলোচনায় হাজি মোহাম্মদ সেলিম বলেন, ‘শিবির রগ কাটে, ছাত্রলীগ কবজি কাটে, মাথা কাটে’। এ বক্তব্যের প্রতিবাদে গত মঙ্গলবার গণমাধ্যমে এক প্রতিবাদলিপিতে ছাত্রলীগ হাজি মোহাম্মদ সেলিমকে ‘অশিক্ষিত, টোকাই’, ‘মূর্খলোক’ ও ‘খুনি এরশাদ শিকদারের বন্ধু’ বলে আখ্যায়িত করে।