চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনের পর সংখ্যালঘুদের বাড়িতে আগুন দেওয়ার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন মোহাম্মদ হোসেন নামের এক জামায়াত কর্মী।
গতকাল শুক্রবার বিকেলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু ছালেম মোহাম্মদ নোমানের খাস কামরায় এ জবানবন্দি রেকর্ড করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া তিন পৃষ্ঠার এ জবানবন্দিতে মোহাম্মদ হোসেন স্বীকার করেন, ১৬ জানুয়ারি সাতকানিয়ার ঢেমশা ইউনিয়নের হারাধন দাশের বাড়িসহ সাতটি বাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। ওই দিন রাত ১২টায় বাড়ির পার্শ্ববর্তী মাঠে প্রথমে তাঁরা বৈঠক করেন। রাত দেড়টায় আগুন ধরিয়ে দিতে তাঁরা ১২ জন অংশ নেন। প্রথমে দলের দুজন ঘরের বেড়াতে পেট্রল ছিটিয়ে দেন। পরে অন্যরা আগুন ধরিয়ে দেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে তাঁরা পালিয়ে যান। তাঁদের দলনেতা মোহাম্মদ রুবেল নামের জামায়াতের এক কর্মী পেট্রলগুলো কেনেন। আগুন ধরাতে তাঁরা ওই দিন আধা লিটার পেট্রল নিয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাফর আহাম্মদ প্রথম আলোকে আদালত প্রাঙ্গণে বলেন, নির্বাচনের পরে সংখ্যালঘুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করে মোহাম্মদ হোসেন নামের এক জামায়াত কর্মী জবানবন্দি দিয়েছেন আদালতে। আগুন লাগাতে তাঁরা ১২ জন অংশ নেন বলে স্বীকার করেন। তবে মামলার তদন্তের স্বার্থে জড়িত অপর আসামিদের নাম প্রকাশ করা হচ্ছে না।
এসআই জাফর আহাম্মদ আরও বলেন, ‘নির্বাচনে ভোট দেওয়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর ক্ষিপ্ত হয়ে তাঁরা বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে আসামি মোহাম্মদ হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গত ১৬ জানুয়ারি রাতে সাতকানিয়ার ঢেমশা এলাকায় সংখ্যালঘুদের সাতটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুবৃর্ত্তরা। এ ঘটনায় হারাধন দাশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ঢেমশা এলাকা থেকে মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।