আগুন নিয়ে যারা খেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গাজীপুরে আগুনে পুড়ে যাওয়া স্ট্যান্ডার্ড পোশাক কারখানা পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির এমডি মোশাররফ হোসেনকে সান্ত্বনা দেন ষ বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গাজীপুরে আগুনে পুড়ে যাওয়া স্ট্যান্ডার্ড পোশাক কারখানা পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির এমডি মোশাররফ হোসেনকে সান্ত্বনা দেন ষ বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধ্বংসযজ্ঞে যারা জড়িত তাদের বিরুদ্ধে সাধারণ মানুষকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগুন নিয়ে যারা খেলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোনোমতেই ছাড়া হবে না।
প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী জরুন এলাকায় গত ২৯ নভেম্বর রাতে বিক্ষুব্ধ শ্রমিকদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া স্ট্যান্ডার্ড পোশাক কারখানা পরিদর্শনে এসে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, গাজীপুর-১ আসনের সাংসদ অ ক ম মোজাম্মেল হক ও স্ট্যান্ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন।
প্রধানমন্ত্রী বলেন, আগুনে পুড়িয়ে কারখানা ধ্বংস করা কেবল কারখানা ধ্বংস নয়, হাজার হাজার পরিবারকে ধ্বংস করা। মানুষের জীবন-জীবিকাকে ধ্বংস করা, দেশের অর্থনীতিকে ধ্বংস করা। এই ধ্বংসের খেলাটা কারা করছে এটা বের করতে হবে। এ সময় শেখ হাসিনা অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা ও সব ধরনের নাশকতার জন্য বিরোধী দলকে দায়ী করে তাদের কঠোর সমালোচনা করেন। মসজিদের মাইকে মিথ্যা ঘোষণা দিয়ে যারা এমন আগুনের ঘটনা ঘটিয়েছে, তাদের প্রকৃত ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিজে ফোন করে করে তাঁকে অনুরোধ করলাম, আসুন সবাই বলে আলোচনা করে নির্বাচনটা করি, উনি কিছুই মানলেন না। উনি জ্বালাও-পোড়াও করবেন। মানুষ হত্যা করবেন। জিনিসপত্র ধ্বংস করবেন।’ তিনি আরও বলেন, ‘তারা লঞ্চ-ফেরি ডুবিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে। এই তথ্য আমাদের কাছে আছে। তথ্যপ্রযুক্তির যুগে এখন আর এসব লুকিয়ে রাখা যায় না।’ শেখ হাসিনা আরও বলেন, শ্রমিকদের মজুরি পাঁচ বছরের মধ্যে এক হাজার ৬০০ টাকা থেকে পাঁচ হাজার ৩০০ টাকায় উন্নীত করা কোনো উন্নত বিশ্বের পক্ষে সম্ভব হবে না। শ্রমিকেরা তা মেনে নিয়েছেন। তার পরও তাঁদের আন্দোলন করতে কেউ উসকানি দিচ্ছে। এই কারখানায় আগুন লাগানোর ঘটনা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত বলেও তিনি জানান। তিনি কারখানা নাশকতা থেকে রক্ষায় মালিক-শ্রমিকদের নিয়ে স্কোয়াড গঠনের আহ্বান জানান। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, পুড়ে যাওয়া কারখানা আবার চালু করতে সব ধরনের সহায়তার ব্যাপারে অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।