আগুন নেভাতে গিয়ে হামলায় চার দমকলকর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা পৌর শহরের কাটলি এলাকায় গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে একটি বসতঘরসহ তিনজন মালিকের পাঁচটি দোকানঘর পুড়ে গেছে। আগুন নেভানোর সময় উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা চালায়। এতে ওয়্যারহাউস ইন্সপেক্টরসহ চারজন আহত হয়েছেন।
আহত চারজন হলেন ইন্সপেক্টর নির্মল চন্দ্র, গাড়ির চালক লতিফ খান, ফায়ারম্যান সাইদুল ইসলাম ও রফিকুল ইসলাম। নির্মল চন্দ্রকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক প্রাণনাথ সাহা বলেন, হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশক্রমে এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দা, ফায়ার স্টেশন ও পুলিশ সূত্রে জানা যায়, কাটলী এলাকায় গতকাল ভোর পৌনে পাঁচটার দিকে আগুন লাগে। এতে আনোয়ার হোসেনের বসতঘরসহ মনিহারি দোকান, আবদুর রশিদের চা ও মনিহারি দোকান, আবুল হাসেমের মনিহারি ও পোলট্রি দোকান এবং ছয়টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ব্যক্তিদের নিয়ে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে তাঁদের প্রায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুন নেভানোর একপর্যায়ে দেরি করে আসা ও কাজে ধীর গতির অভিযোগ তুলে উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের লোকজনের ওপর হামলা চালায়। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার স্টেশন ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক শহীদুর রহমান আহত কর্মীদের দেখতে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে যান।
আহত নির্মল চন্দ্র বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই লোকজন আমাদের ওপর হামলা করে। মনে হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।’