আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরও ৪ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খড়কুটোর আগুন পোহাতে গিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট শিশু রুমানা আক্তারের গায়ের জামায় আগুন ধরে যায়। আগুনে তার বুক ও পিঠ পুড়ে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ১৫ জানুয়ারি ।প্রথম আলো  ফাইল ছবি
খড়কুটোর আগুন পোহাতে গিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার ছোট শিশু রুমানা আক্তারের গায়ের জামায় আগুন ধরে যায়। আগুনে তার বুক ও পিঠ পুড়ে গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ১৫ জানুয়ারি ।প্রথম আলো ফাইল ছবি

সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে অন্তঃসত্ত্বা গৃহবধূ আরজিনা বেগম (৩০) মারা গেলেন। আগুন পোহাতে গিয়ে তাঁর শরীরের ৫৩ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে মারা যান।

১০ জানুয়ারি পঞ্চগড়ের বোদা উপজেলার হাতিডোবা এলাকায় তীব্র শীতের মধ্যে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে তাঁর শাড়িতে আগুন ধরে গিয়েছিল।

এদিকে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জনের মধ্যে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮–তে। চিকিৎসাধীন রয়েছে ৫২ জন।

শীতের হাত থেকে বাঁচতে ধান মাড়ানো পোয়াল, ধানগাছের ছোবড়া ও খড়কুটা জ্বালিয়ে আগুন তাপাতে গিয়ে দগ্ধ হয়েছে তারা। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

গতকাল বুধবার সকাল থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও যে কজন মারা গেছেন, তাঁরা হলেন কুড়িগ্রামের রাজারহাটের নুরেছা বেগম (৪৫), রংপুরের মিঠাপুকুরের শাহীনুরী বেগম (৪৫) ও দিনাজপুর সদরের সালমা বেগম (৭০)।

এর আগে ৫ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত ১১ দিনে ১৪ জন মারা যান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক নুর আলম সিদ্দিক আজ সকালে প্রথম আলোকে বলেন, বিভিন্ন জেলায় খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে হাসপাতালে এখনো ৫২ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ১১ জন শিশু, ৮ জন পুরুষ ও ৩৩ জন নারী। অগ্নিদগ্ধ ব্যক্তিদের অধিকাংশেরই ৪৫ থেকে ৫৫ শতাংশ আগুনে ঝলসে গেছে। চিকিৎসাধীন ৫২ জনের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

হাসপাতালে চিকিৎসাধীন রংপুরের পীরগঞ্জের দগ্ধ শিশু রুমানা আক্তারের (৫) মা খাদিজা বেগম বলেন, ‘ঘরের সামনোত আগুন পোহাবার যায়া ছইলটা কাপড়োত আগুন ধরি যায়। খুব কষ্টোত আছে ছইলটা।’ এমনি করে আরও অনেকেই জানালেন তাঁদের কষ্টের কথা।