আগুন পোহাতে গিয়ে ৪ জন দগ্ধ
সিরাজগঞ্জে তীব্র শীতে আগুন পোহানোর সময় কাপড়ে আগুন লেগে চারজন দগ্ধ হয়েছেন। কাঠ-খড় ও কাগজ পুড়িয়ে উত্তাপ নেওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। গতকাল রোববার রাতে উল্লাপাড়া উপজেলার অলিপুর বাজারে এ ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিরা টানা ট্রলির চালক। তাঁরা হলেন অলিপুর গ্রামের ডাবলু শেখ, সোবহান আলী, আবুল কালাম ও মোহাম্মদ আলী। তাঁদের মধ্যে ডাবলু শেখ ছাড়া বাকি তিনজনকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসক ও পরিবার সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
ডাবলু শেখের বাবা সানোয়ার শেখ জানান, ডাবলুর শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হচ্ছে।
বড়হর ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম জানান, শীতের মধ্যে গাড়ি চালিয়ে এসে শীত নিবারণের জন্য তাঁরা অলিপুর বাজারে আগুন জ্বালান। এ সময় ডাবলু শেখের গায়ে আগুন ধরে। এ আগুন নেভাতে গিয়ে অন্যরা দগ্ধ হন।
এলাকার অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, শীতের তীব্রতায় স্কুল–কলেজে শিক্ষার্থীদের সংখ্যা অনেক কমে গেছে। মানুষ ঘর থেকে বের হতে পারছে না। ঠান্ডায় গবাদিপশুগুলো মাঠে আনা যাচ্ছে না। সন্ধ্যার আগেই রাস্তাঘাটগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। ঘন কুয়াশার কারণে উত্তরবঙ্গ মহাসড়কে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে।