আগুন, বিস্ফোরণ, সংঘর্ষে চলছে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর সরকারি কলেজের সামনে গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকেরা। ছবি: আলম পলাশ, চাঁদপুর।
চাঁদপুর সরকারি কলেজের সামনে গাড়ি ভাঙচুর করে হরতাল সমর্থকেরা। ছবি: আলম পলাশ, চাঁদপুর।

সারা দেশে আজ বুধবার বিক্ষিপ্ত নানা সহিংসতার মধ্য দিয়ে চলছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল। টঙ্গী ও নারায়ণগঞ্জে রেলপথে হামলা চালায় হরতালকারীরা। এ ছাড়া বিভিন্ন স্থানে বাসে আগুন দেওয়া, ককটেল বিস্ফোরণ, পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
টঙ্গী: টঙ্গী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, সকাল সাতটার দিকে হরতালকারীরা টঙ্গীবাজার এলাকায় তুরাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়। এ সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নেভান। পরে পুলিশ একজনকে আটক করে। তার কাছ থেকে ককটেল উদ্ধার করা হয়।
টঙ্গী রেলজংশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান জানান, টঙ্গীর নিমতলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইন তুলে ফেলে হরতালকারীরা। এতে ওই পথ দিয়ে সকাল আটটা থেকে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে। মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
নারায়ণগঞ্জ: রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সকাল সাতটার দিকে উপজেলার আধুরিয়া এলাকায় হরতাল সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়কে টায়ারে আগুন জ্বালায়। এ সময় তারা তিনটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল সাড়ে সাতটার দিকে জিন্দাবাজার এলাকায় হরতাল সমর্থকেরা মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল পৌনে আটটার দিকে কালনী এলাকায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানের সমর্থকেরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। এ সময় তাঁরা মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালান। তাঁদের সরাতে গেলে পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পাঁচ থেকে ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, সকাল সাড়ে ছয়টার দিকে শহরের গলাচিপা এলাকায় ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের কয়েকটি স্থানে টায়ারে অগ্নিসংযোগ করেন।

সকাল সাতটার দিকে শহরের দেওভোগ এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। পুলিশ মিছিলে বাধা দিলে কয়েকটি ককটেলের বিস্ফোরণের ঘটানো হয়।

জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মঈনুর রহমান জানান, নাশকতার অভিযোগে আড়াইহাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সেলিম মিয়া, হাইজাদি ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রুশোসহ সাতজনকে আটক করা হয়েছে।

চাঁদপুর: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিএনপির নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে বিভিন্ন দোকানপাটে ভাঙচুর চালান। এর প্রতিবাদে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পাল্টা মিছিল বের করেন। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।

জেলা পুলিশ সুপার আমির জাফর জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে।

ভোর ছয়টা থেকে সাতটা পর্যন্ত সদর উপজেলার বাবুরহাট থেকে ঘোষের হাট পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকেরা। চাঁদপুর-কচুয়া সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। পিকেটিংকালে বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, ভোর ছয়টার দিকে শহরের পৌরসভা রোডের শহীদ এম মনসুর আলী মিলনায়তনের সামনে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় হরতালকারীরা।

সকাল সাড়ে ছয়টার দিকে শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় গতকাল মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি রবিউল ইসলাম ও মিরপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুখ আহমেদকে আটক করেছে পুলিশ।