আগুন লাগার পর উৎসাহ, সময় গড়াতেই ভাটা
পোশাক কারখানায় আগুন লাগার পরপরই সরকার ও তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএসহ সংশ্লিষ্ট সব মহল ‘বিপুল উৎসাহে’ অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা উন্নয়নে তোড়জোড় শুরু করে। দিন কয়েক সেমিনার-সিম্পোজিয়াম হয়। আঁটঘাট বেঁধে তদন্ত শুরু হলেও কয়েক দিনের মধ্যে উৎসাহে ভাটা পড়ে। একসময় আগুন লাগার কথা ভোলে মানুষ। আবার নতুন ঘটনা ঘটে। আবার তদন্ত হয়। সময় গড়ায়। আবার উৎসাহে ভাটা পড়তে থাকে।
গত বছরের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে আগুন লেগে শতাধিক শ্রমিক প্রাণ হারানোর পর পোশাক কারখানার অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনা পর্যবেক্ষণে গঠিত টাস্কফোর্সকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল বিজিএমইএ। ওই টাস্কফোর্সের এক সদস্য প্রথম আলো ডটকমকে বলেছেন, কিছুদিন যেতেই বিজিএমইএর উৎসাহে ভাটা পড়ে। টাস্কফোর্সের কাজে সহযোগিতার পরিবর্তে রীতিমতো অসহযোগিতা করতে শুরু করে বিজিএমইএ।
ওই টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ যে কারখানাগুলোকে ‘কমপ্লায়েন্ট’ বলে ঘোষণা দিয়েছে, খোদ সে কারখানাগুলোই অগ্নিনির্বাপণের শর্ত মানছে না। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর গঠিত টাস্কফোর্স বিজিএমইএ ঘোষিত ৩৪টি ‘কমপ্লায়েন্ট’ পোশাক কারখানার অগ্নিনির্বাপণ-ব্যবস্থা পর্যালোচনা করে এই মন্তব্য করে।
গত বছরের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে আগুন লেগে শতাধিক শ্রমিক প্রাণ হারান। ওই ঘটনার পর ডিসেম্বরের ১৭ তারিখ বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তিন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পাঁচ ও শ্রম মন্ত্রণালয়ের একজন সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়।
টাস্কফোর্স ঢাকা ও এর আশপাশের চারটি কারখানা পরিদর্শন এবং ৩০টি কারখানার নকশা বিশ্লেষণ করে। দুই মাস পর তাঁরা প্রতিবেদন জমা দেন বিজিএমইএ বরাবর। টাস্কফোর্সের দায়িত্ব ছিল ১০টি কারখানার অগ্নিনির্বাপণ-ব্যবস্থা খতিয়ে দেখা। বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি স্থপতি মোবাশ্বের হাসান প্রতিবেদনটি দুই মাসের মাথায় জমা দেন।
বিজিএমইএর অসহযোগিতা:
ওই টাস্কফোর্সের নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, তাজরীন ফ্যাশনসে আগুন লাগার পর বিজিএমইএ কারখানা পরিদর্শনের ব্যাপারে খুব উৎসাহ দেখিয়েছিল। বেছে বেছে তারা বিজিএমইএ ও সরকারের অনুমোদন পাওয়া কারখানাগুলো পরিদর্শনের ব্যবস্থাও করে। তবে দিন যত গড়াতে থাকে, বিজিএমইএর উৎসাহেও ভাটা পড়তে থাকে। একপর্যায়ে টাস্কফোর্সের সদস্যরা কারখানা পরিদর্শনের জন্য বিজিএমইএর কাছে ধরনা দিতে শুরু করেন। ১০টি কারখানা পরিদর্শনের কথা থাকলেও শেষ পর্যন্ত টাস্কফোর্স চারটি কারখানা ঘুরে দেখে। এক-একটি কারখানার প্রতিবেদন তৈরিতে টাস্কফোর্সের প্রায় ১৫ দিন লেগেছিল। পরে টাস্কফোর্স ৩০টি কারখানার নকশা চেয়ে পাঠায়। তা দিতেও গড়িমসি করে বিজিএমইএ। অনেকেই পুরো নকশা জমা দিতে পারেনি। তার পরও টাস্কফোর্স কারখানার বর্তমান অবস্থা এবং কী করলে একজন শ্রমিকও প্রাণ হারাবেন না, সে সম্পর্কে সুপারিশসহ প্রতিবেদন চূড়ান্ত করে।
কী আছে টাস্কফোর্সের প্রতিবেদনে?
বিজিএমইএর কাছে জমা দেওয়া প্রতিবেদনটির একটি অনুলিপি প্রথম আলো ডটকমের হাতে রয়েছে। টাস্কফোর্স ২০০৬ সালের শ্রম আইন অনুযায়ী কারখানাটির এক-একটি তলায় কতজন শ্রমিক কাজ করছেন; শ্রমিকদের সম্মিলিত ওজন ও শ্রমিকের কর্মস্থান থেকে বেরোনোর দরজার দূরত্ব; দরজার প্রস্থ, আগুন লাগলে শ্রমিক বেরোনোর জন্য তা যথেষ্ট কি না এবং দরজাটি কোন ধরনের—এই চারটি বিষয় দেখে।
টাস্কফোর্স প্রথমে সাভারের দিয়াখালীর একটি কারখানা পরিদর্শন করে। এ কারখানার ভবনটি চারতলা। দ্বিতীয় তলায় প্রথম ও তৃতীয় শর্ত মানা হলেও বাকি তিনটি তলায় মানা হয়েছে কেবল একটি শর্ত। ঢাকার খিলগাঁওয়ে ১১ তলা একটি পোশাক কারখানায় মানা হয়েছে একটি শর্ত। দিয়াখালীতে তৃতীয় আর একটি কারখানায় দ্বিতীয় তলায় এক নম্বর শর্তটি অর্থাৎ আইন অনুযায়ী শ্রমিকদের যে সংখ্যা থাকার কথা সে শর্তটি মানা হয়েছে। সাততলা ওই ভবনের বাকি তলাগুলোয় এক নম্বর শর্তটিও মানা হয়নি। টাস্কফোর্স সর্বশেষ যে কারখানাটি পরিদর্শনে যায়, সেটি আশুলিয়ার। ওই কারখানার ভবনটি নয়তলা। সেখানে দ্বিতীয় তলায় প্রথম ও তৃতীয় শর্তটি মানা হলেও বাকি শর্তগুলো মানেনি কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সদস্য টাস্কফোর্স যে ৩০টি কারখানার নকশা বিশ্লেষণ করেছে সেগুলো প্রথম আলো ডটকমকে দেখান। তাতে দেখা যায়, অনেক কারখানার নকশা করেছেন পুরকৌশল বিভাগের প্রকৌশলীরা, কোনো স্থপতি নন। কেউ কেউ কারখানার লে-আউট প্ল্যান জমা না দিয়ে ভবনের ফাউন্ডেশন প্রতিবেদন জমা দিয়েছেন।
বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও টাস্কফোর্সের সদস্য স্থপতি মোবাশ্বের হাসান বলেন, বিজিএমইএ তাঁদের বলেছিল, প্রত্যেকটি ভবনের নকশা তাঁদের কাছে আছে। কিন্তু তাঁরা কারখানাগুলো পরিদর্শন করে দেখেন ভবনের সঙ্গে নকশার কোনো মিল নেই।
বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম প্রথম আলো ডটকমকে বলেন, টাস্কফোর্স তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী যেখানে যা কিছু করা দরকার, তা-ই করা হচ্ছে।
এদিকে ভবনের অগ্নিনিরাপত্তা নিয়ে সরকার কী ভাবছে, প্রশ্নে সম্প্রতি শ্রমসচিব মিকাইল শিপার বলেছেন, বাংলাদেশের কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে উত্তর আমেরিকার দেশগুলোর জোট অ্যালায়েন্স এ মাসেই আসছে। এ ছাড়াও আন্তর্জাতিক শ্রম সংস্থা ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল সবগুলো কারখানা ক্রমান্বয়ে ঘুরে দেখবে। তাঁদের সুপারিশ অনুযায়ী কাজ করা হবে।